Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড় থেকে বিদায় নিশান্তের, প্রথম রাউন্ডে এগিয়ে গিয়েও পরাজয়
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে চতুর্থ ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সের পদক নিশ্চিত করতে পারলেন না নিশান্ত দেব। ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন।
এই বাউটটি জিতলেই নিশ্চিত হয়ে যেত ভারতের চতুর্থ পদক। প্রথম রাউন্ডে এগিয়ে থেকেও শেষরক্ষা হলো না। রবিবার বক্সিংয়ে পদক নিশ্চিত করার ভরসা এখন লাভলিনা বরগোঁহাই-ই।

কোয়ার্টার ফাইনালে নিশান্তের সামনে ছিলেন মেক্সিকোর দ্বিতীয় বাছাই মার্কো আলোনসো ভার্দে আলভারেজ। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে ছিলেন ভারতীয় বক্সারই। তাতেই বাড়ছিল পদকের আশা। পাঁচ বিচারকের মধ্যে চারজনই নিশান্তকে ১০ দেন, একজন ৯।
প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের মাত্র একজন মেক্সিকোর বক্সারকে ১০ দেন, বাকি চারজন দেন ৯ করে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাঁড়ান আলভারেজ। এই রাউন্ডে দুই বিচারক নিশান্তকে ১০ করে দেন, তিনজন দেন ৯ করে। আলভারেজ তিনজনের কাছ থেকে পান ১০ করে, দুজন দেন ৯ করে।
তৃতীয় রাউন্ডে আলভারেজ আক্রমণাত্মক রণকৌশল নেন। তাতেই সমস্যায় পড়েন নিশান্ত। তৃতীয় রাউন্ডে দেখা যায় আলভারেজকে সব বিচারকই ১০ করে দিয়েছেন, নিশান্তকে পাঁচজনই দেন ৯। ফলে প্রথম বিচারকের হাঙ্গেরির ভেরোনিকা হুন জুকসের কাছ থেকে নিশান্ত পান ২৯। বাকি চার বিচারক তিন রাউন্ডে ২৯ করে দেন আলভারেজকে।
বিজেন্দ্র সিং, এমসি মেরি কম ও লাভলিনা বরগোঁহাইয়ের পর ভারতের চতুর্থ বক্সার হিসেবে অলিম্পিক্স পদক জয়ের আশা জাগিয়েছিলেন নিশান্ত। কোয়ার্টার ফাইনাল জিতলেই নিশ্চিত হতো সেই পদক। কিন্তু তার আগেই থেকে গেল নিশান্তের অভিযান। মেক্সিকোর প্রতিপক্ষের কাছে অবাছাই নিশান্তের হার ১-৪ ব্যবধানে।
প্রথম রাউন্ডে নিশান্ত ও আলভারেজ দুজনেই আগ্রাসীভাবে শুরু করেন। নিশান্তকে লক্ষ্য করে একাধিক পাঞ্চ চালান মেক্সিকোর বক্সার, তবে নিশান্তকে হিট করতে পারেননি। নিশান্ত পাল্টা হুকের মাধ্যমে বেকায়দায় ফেলে ব্যাকফুটে ঠেলে দেন দ্বিতীয় বাছাইকে।
দ্বিতীয় রাউন্ডে নিশান্ত শুরুটা খারাপ না করলেও পরের দিকে ছন্দ হারান। যার ফায়দা তুলে নেন মেক্সিকান বক্সার। পাঞ্চে প্রতিক্রিয়া জানাতে দেরি করার মাশুল দিয়ে নিশান্ত এই রাউন্ডে পিছিয়ে পড়েন ২-৩ ব্যবধানে।
তৃতীয় রাউন্ডে মেক্সিকোর প্রতিপক্ষকে বেশ কিছু পাঞ্চে বিব্রত করার চেষ্টা চালান নিশান্ত। কিন্তু আলভারেজের আপারকাট তাঁর সমস্যা বাড়ায়। যার ফলে শেষদিকে বাজিমাত করেন মেক্সিকোর বক্সার। নিশান্ত আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ফল ঘোষণার পর তাঁকে কিছুক্ষণ অবাক দৃষ্টি নিয়ে রিংয়ে থাকতে দেখা যায়।












Click it and Unblock the Notifications