Paris Olympics 2024: নীরজ চোপড়া তৃপ্ত প্রথম থ্রো-র পরিকল্পনা নিয়ে, ফাইনালের আগে কীসে ফোকাস?
Paris Olympics 2024: নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। প্যারিস অলিম্পিক্সে তিন বছর পর ফাইনালে উঠলেন সেরা বারোর মধ্যে শীর্ষে থেকে।
প্রথম থ্রো ছিল ৮৯.৩৪ মিটারের। ২০২২ সালে নীরজের ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটারের। সামগ্রিক পারফরম্যান্সে খুশি নীরজ।

ইভেন্ট শেষের পর সাংবাদিকদের তিনি অনুরোধ করেন, দ্রুত সাংবাদিক বৈঠক সেরে নিতে। তাতে তাঁর বিশ্রামের জন্য বাড়তি সময় মিলবে। নীরজের কথায়, সব সময় প্রথম থ্রো-টাই সেরা করার লক্ষ্য থাকে। তবে সব সময় সেই লক্ষ্যপূরণ হয় না। আজ হয়েছে, ফলে তিনি খুশি।
দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের। জার্মানির জুলিয়ান ওয়েবার ফাইনালে উঠলেন ১২ জনের মধ্যে তৃতীয় হয়ে, তাঁর থ্রো ৮৭.৭৬ মিটারের। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন আরশাদ নাদিমের সেরা থ্রো ছিল ৮৬.৫৯ মিটারের।
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ দুই গ্রুপের মধ্যে সপ্তম স্থানে থেকে ফাইনালে গেলেন। তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৬৩ মিটারের। তবে ফাইনালে যে কঠিন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ হবে তা সম্পর্কে ওয়াকিবহাল নীরজ।
নীরজকে অনেকদিন ধরে ভুগিয়েছে অ্যাডাক্টর নিগল। অলিম্পিক্সের জন্য তিনি সাবধানতাও অবলম্বন করেছেন। তবে আজকের পর আর নীরজের ফিটনেস নিয়ে বিন্দুমাত্র কোনও সংশয় নেই কারও মধ্যে। নীরজও ফোকাস স্থির করছেন ফাইনালে।
আগের চেয়ে ভালো পরিস্থিতিতে আছেন। ফাইনালে উঠেছেন। সেটা মাথায় রেখেই বৃহস্পতিবারের ফাইনালের প্রস্তুতি চালাতে চান নীরজ। নিজের সেরাটা ফাইনালে দেওয়ার লক্ষ্যের কথাও জানাতে ভুললেন না। তিনি বলেন, ফাইনালে সকলেরই মানসিক প্রস্তুতি অন্যরকম থাকবে। আমার শুরুটা ভালো হলো। ফাইনালের জন্য আরও ভালো প্রস্তুতি নিতে পারলেই ভালো হবে।
নীরজ বলেন, আমি আত্মবিশ্বাসী। ফাইনালে ভালো পারফর্ম করার জন্য অনুপ্রাণিতও। আমি ফাইনালের জন্য নিজের সেরাটা বাঁচিয়ে রেখেছি। এটাই মূল বিষয়। ভালো লাগছে। আরও ভালো প্রস্তুতি নিয়ে ফাইনালে নামব। অনুশীলনে তিনি এর আগে টেকনিক্যাল থ্রোগুলি পরিকল্পনামাফিকই ধীরে নিয়েছেন বলে জানান নীরজ।
আজ বাছাই পর্ব হয়েছে দিনে। ফাইনাল হবে রাতের দিকে। ফলে তাপমাত্রা কমবে, পরিস্থিতিও অন্যরকম থাকবে। সেইমতো আপাতত প্রস্তুতি নিতে চাইছেন বিশ্বচ্যাম্পিয়ন নীরজ। তিনি বলেন, এদিন বাছাই পর্বে নামার আগেও ভেবেছিলাম প্রথম প্রয়াসে সেরা থ্রো হলো ভালো হয়। এরপর স্ট্রেচিং, রিল্যাক্স করে ফাইনালে নামব।
নীরজ জানালেন, ফাইনাল যে সময়ে হবে তখনকার কন্ডিশনের কথা মাথায় রেখেই প্রস্তুতি সারবেন। ফাইনালে মাইন্ডসেটও থাকবে অন্যরকম। ভালো ও হাড্ডাহাড্ডি লড়াই ফাইনালে হবে। নীরজকে প্রশ্ন করা হয়েছিল, পদক জয়ের বিষয়ে এগিয়ে কে? নীরজ সরাসরি কিছু বললেন না। শুধু বলে গেলেন, সরাসরি যোগ্যতা অর্জন যাঁরা করেছেন তাঁরাই ভালোরকম প্রস্তুত।












Click it and Unblock the Notifications