Paris Olympics 2024: মদ্যপ অবস্থায় যৌন হেনস্থা! প্যারিসে গ্রেফতার কুস্তিগীর, দোষ প্রমাণে নির্বাসিতও হতে পারেন
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল কুস্তিগীরের বিরুদ্ধে। ওই কুস্তিগীর টোকিও অলিম্পিক্সে পদক জিতলেও এবার হতাশ করেছেন।
তারই মধ্যে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। দোষ প্রমাণিত হলে ওই কুস্তিগীরকে আজীবন নির্বাসনেও পাঠানো হতে পারে।

মিশরের কুস্তিগীর মহম্মদ এলসায়েদ আজ ভোরে প্যারিসের এক ক্যাফের সামনে থেকে গ্রেফতার হন। মদ্যপ অবস্থায় তিনি ক্যাফেটিতে এক মহিলার নিতম্ব স্পর্শ করেছিলেন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ সামনে আসতেই মিশরের অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, দোষ প্রমাণিত হলে ওই কুস্তিগীরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এমনকী তাঁকে সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নির্বাসন করার পথ খোলা বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, বছর ছাব্বিশের ওই কুস্তিগীর তাঁর বিভাগের ফাইনাল দেখতে গিয়েছিলেন প্রয়োজনীয় অনুমতি নিয়েই। কিন্তু এরপর তিনি ফেরেননি, ফোন স্যুইচ অফ করা ছিল। ভোরবেলায় তাঁকে ক্যাফের সামনে থেকে প্রথমে আটক করে পুলিশ।
গ্রেকো রোমান কুস্তিতে বিশ্বের মধ্যে অন্যতম সেরাদের তিনি একজন। গত বুধবার ৬৭ কেজি বিভাগে তিনি হেরে গিয়েছিলেন আজারবাইজানের প্রতিপক্ষের কাছে। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি আফ্রিকান রেসলিং চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান গেমস, মিলিটারি ওয়ার্ল্ড গেমসে সোনা জিতেছেন।












Click it and Unblock the Notifications