Paris Olympics 2024: অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদক দখলে মাইকেল ফেল্পসের, সোনা জয়ের নিরিখে দাপট কাদের?
Paris Olympics 2024: প্যারিসে ৩৩তম অলিম্পিক্সের উদ্বোধন ২৬ জুলাই। সামার গেমস চলবে ১১ অগাস্ট পর্যন্ত। অবশ্য উদ্বোধনের আগেই শুরু হয়ে যাবে কিছু ইভেন্ট।
এবারের অলিম্পিক্স হচ্ছে তিন বছরের ব্যবধানে। ২০২১ সালে হয়েছিল টোকিও অলিম্পিক্স, করোনা পরিস্থিতিতে তা এক বছর পিছিয়ে গিয়েছিল।

অলিম্পিক্সের আসরে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড রয়েছে মাইকেল ফেল্পসের দখলে। ২০০৪ থেকে ২০১৬ অবধি অলিম্পিক্স কেরিয়ারে মার্কিন সাঁতারু সবমিলিয়ে ২৮টি পদক জিতেছেন। যার মধ্যে রয়েছে ২৩টি সোনা, তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ।
মজার ব্যাপার হলো, অলিম্পিক্সের ইতিহাসে আর কোনও ক্রীড়াবিদের সোনা জয়ের সংখ্যা ১০ ছোঁয়নি। ফলে পদক জয়ের নিরিখে ফেল্পস যে আরও কয়েক দশক ধরাছোঁয়ার বাইরে থাকবেন অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড নিয়ে তা বলার অপেক্ষা থাকে না।
অলিম্পিক্সে সর্বাধিক পদকজয়ীদের তালিকায় ফেল্পসের পরেই রয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অলিম্পিক্স অবধি এই জিমন্যাস্ট মোট ১৮টি পদক জিতেছিলেন। যার মধ্যে ৯টি সোনা, পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ।
সোভিয়েত ইউনিয়নের জিমন্য়াস্ট নিকোলাই আদ্রিয়ানভ ১৯৭২ থেকে ১৯৮০ সাল অবধি অলিম্পিক্স কেরিয়ারে মোট ১৫টি পদক জিতে রয়েছেন তৃতীয় স্থানে, তিনি ৭টি সোনা, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্জ দখলে নিয়েছিলেন।
দলগত পরিসংখ্যান দেখলে, অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও অবধি মার্কিন ক্রীড়াবিদরা ২,৫২২টি পদক জিতেছেন। যার মধ্যে ১,০২২টি সোনা। দেশ হিসেবে সবচেয়ে বেশি সোনা জেতার রেকর্ডও এটি। ১৯৮৪-র অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্র ৮৩টি সোনা জিতেছিল। এটি অলিম্পিক্সে কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি সোনা জয়ের নজির।
অলিম্পিক্সের কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি ৮টি সোনা জেতার রেকর্ডও মাইকেল ফেল্পসের দখলে রয়েছে। মহিলাদের মধ্যে কোনও সংস্করণে সবচেয়ে বেশি সোনা জেতার নজির রয়েছে জার্মান সাঁতারু ক্রিস্টিন অটোর। তিনি ১৯৮৮ সালের অলিম্পিক্সে জেতেন ৬টি সোনা।












Click it and Unblock the Notifications