Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের পদকজয়ীদের মিলবে বিলাসবহুল গাড়ি, ঘোষণা সজ্জন জিন্দলের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে যাঁরা পদক জিতবেন তাঁদের বিলাসবহুল গাড়ি দেওয়া হবে উপহার হিসেবে। ঘোষণা জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দলের।
এখনও এখনও অবধি ভারত প্য়ারিস অলিম্পিক্সে তিনটি পদক জিতেছে। তিনটিই এসেছে শ্যুটিংয়ে। আজ তিরন্দাজিতে পদকের হাতছানি রয়েছে।

মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলে দেশকে প্রথম ব্রোঞ্জটি এনে দিয়েছিলেন। এরপর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ জয় করেন। গতকাল পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুসালে।
মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের বাছাই পর্বে এখন লড়াই চালাচ্ছেন মনু ভাকের ও এশা সিং। এই বিভাগে তাঁরা ফাইনালে উঠলে পদকের আশা থাকবে। এ ছাড়া তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটি। এই ইভেন্টে পদকের দ্বৈরথ রয়েছে আজ।
জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল বলেছেন, দেশের হয়ে যাঁরা পদক জিতবেন তাঁদের এমজি উইন্ডসর গাড়ি উপহার হিসেবে দেওয়া হবে। যে ডেডিকেশন ও সাফল্য এই ক্রীড়াবিদদের সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার জায়গায় পৌঁছে দিয়েছে, সেখানে সাফল্যের জন্য সেরাটা উজাড় করার ক্ষেত্রে উৎসাহিত করতেই এই ঘোষণা।
উল্লেখ্য, পদক জেতার পর সরকারের তরফে কিংবা বেসরকারি সংস্থা নানাবিধ পুরস্কারের ঘোষণা করছে। তবে জেএসডব্লিউ গ্রুপের এই ঘোষণা এখনও অবধি অভিনব। অনেক ক্রীড়াবিদকে এই সংস্থা স্পনসর করে বলেও জানা গিয়েছে।
জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া ভারতে উইন্ডসর গাড়ি আনতে চলেছে। ইংলিশ কাউন্টি বার্কশায়ারে রাজ পরিবারের উইন্ডসর ক্যাসল রয়েছে। তার নামেই এই গাড়ির নামকরণ। এই গাড়িটি ক্রসওভার ইউটিলিটি ভেহিকল। ভারতে এই প্রথম সিইউভি গাড়ি তারাই আসছে বলে দাবি জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার। এই গাড়ি চড়লে সেরা অনুভূতি ও সেরা অভিজ্ঞতার সাক্ষী থাকা যাবে বলেও দাবি করা হচ্ছে।
টোকিও অলিম্পিক্সে ভারত সাতটি পদক জিতেছিল। এবার অন্তত ১০টি পদক জেতার টার্গেট রয়েছে। তবে নিখাত জারিন, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি, পিভি সিন্ধুরা ছিটকে যাওয়ায় সেই লক্ষ্য কিছুটা ধাক্কা খেয়েছে। তবে এখনও যে লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়, সেটাও নয়।
তিরন্দাজিতে প্রি কোয়ার্টারে যেভাবে পারফর্ম করে কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে গিয়েছেন অঙ্কিতা ও ধীরজ, তাতে ভালো কিছু আশা করাই যায়। দীপিকা কুমারী ও ভজন কৌরের উপরও পদকের আশা রয়েছে। নীরজ চোপড়া থেকে শুরু করে কুস্তিগীররাও দেশকে পদক এনে দিতেই পারেন। টানা দু-বার পদক জেতার দৌড়ে রয়েছে ভারতের পুরুষ হকি দলও।












Click it and Unblock the Notifications