Paris Olympics 2024: মনু ভাকেরের অলিম্পিক্স পদকের হ্যাটট্রিক সম্ভব, বিশ্বাস কোচের, কবে রয়েছে ইভেন্ট?
Paris Olympics 2024: মনু ভাকের চলতি অলিম্পিক্সে একের পর এক কীর্তি স্থাপন করে জিতেছেন ২টি ব্রোঞ্জ। পদকের রং বদলে হ্যাটট্রিকের সম্ভাবনাও রয়েছে।
মনু এবার অংশ নেবেন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে। ভারতের পিস্তল কোচ রৌণক পণ্ডিতের বিশ্বাস, মনুর পদকের হ্যাটট্রিক সম্ভব।

রৌণক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের পক্ষে দারুণ দিন। মনুও বড় সাফল্য পেলেন। আমরা সকলেই খুশি। দারুণ শট মেরেছেন মনু। যোগ্য হিসেবেই পদক জিতেছেন। কোনও অতিরিক্ত চাপ তাঁর উপর নেই। তিনি অন্য টুর্নামেন্টের মতোই দেখছেন অলিম্পিক্সকে।
রৌণকের কথায়, মনু দারুণ ফর্মে রয়েছেন। তিনি আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন। বোঝাপড়া সঠিক রেখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ধারাবাহিকতা দেখাচ্ছেন। তাঁর দক্ষতা নিয়ে আগে থেকেই কারও কোনও সংশয় ছিল না। তিনে তিন পদক জয় সম্ভব। প্রসেস আর গেমপ্ল্যান ঠিক রাখাই আমাদের লক্ষ্য।
রৌণক জানান, দল হিসেবেই সকলেই পরিকল্পনা করছেন, পারফর্ম করছেন। এই জয় উপভোগের সময় পাবেন মনু। বিশ্রাম ও রিকভারির পর্যাপ্ত সময় রয়েছে। তারপর ২৫ মিটারের ট্রেনিং শুরু হবে। ফেডারেশন, কোচ, সরকার টিম হিসেবে কাজ করছে। মনুকে পরের ইভেন্টের জন্য প্রস্তুত করাই আমাদের ফোকাস।
টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা কাটিয়ে কীভাবে তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরে রৌণক বলেন, তখন মনুর বয়স ছিল ১৯। তাঁর বয়সের সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে। কোনটা করলে ভালো হবে সেটা আরও ভালো উপলব্ধি করছেন। প্রতি অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়। আরও শক্তিশালী করে তোলে। ভাবনার স্বচ্ছতা, সঠিক টিম তাঁর সাফল্যে ইতিবাচক ভূমিকা নিচ্ছে।
মনু ১ অগাস্ট ২৫ মিটার পিস্তলের প্রি-ইভেন্ট ট্রেনিং নামবেন ভারতীয় সময় বেলা সাড়ে ১২টায়। ২ অগাস্ট সাড়ে ১২টা থেকে প্রেসিসন ও সাড়ে তিনটে থেকে র্যাপিড কোয়ালিফিকেশন রয়েছে। এই ইভেন্টের ফাইনাল শনিবার বেলা ১টা থেকে।












Click it and Unblock the Notifications