Paris Olympics 2024: মনু ভাকের সমাপ্তি অনুষ্ঠানের পতাকাবাহক, প্যারিসে যাওয়ার আগে খেলেন প্রিয় খাবার
Paris Olympics 2024: ক্রীড়াবিদদের থাকতে হয় কড়া ডায়েট চার্ট মেনে। মনু ভাকেরও তার ব্যতিক্রম নন। প্যারিস অলিম্পিক্সে দেশের প্রথম পদকটি নিশ্চিত করেছিলেন তিনিই।
এবারের অলিম্পিক্সে মনু ভাকেরের ঝুলিতে এসেছে দুটি ব্রোঞ্জ। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ও মিক্সড ইভেন্টে। অল্পের জন্য পদকের হ্যাটট্রিকটাই হয়নি।

টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার বিজয়কেতন উড়িয়েছেন মনু। দেশে ফিরেছিলেন কয়েক দিনের জন্য। তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি দেখা করেছেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী-সহ বিশিষ্টদের সঙ্গে।
কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য মনুর হাতে তুলে দিয়েছেন ৩০ লক্ষ টাকার চেক। মনু বাড়িতেও গিয়েছিলেন কয়েক ঘণ্টার জন্য। প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহকের ভূমিকা পালন করতে রওনা দেওয়ার আগে প্রিয় খাবার খেয়ে দেখলেন মনু।
২২ বছরের মনু নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁর প্রিয় কেএফসি ভেজ রোল খাওয়ার ছবি। তা ভাইরাল হতে সময় লাগেনি। প্যারিস অলিম্পিক্সে একাধিক কীর্তি গড়া মনু ইনস্টাগ্রামে লিখেছেন, স্বল্প সময়ের জন্য বাড়িতে এসেছি। তারই মধ্যে আমার পছন্দের ভেজ স্পাইসি রোল খেলাম।
উল্লেখ্য, ৭ অগাস্ট প্যারিস থেকে দেশে ফিরেছিলেন মনু। ৮ অগাস্ট তিনি দেখা করেন মনসুখ মাণ্ডব্য, রাজনাথ সিংদের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। তার আগে তিনি গিয়েছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সারতে। মনু পদক জেতার পর তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা যাচ্ছে, পদকজয়ীরা ফিরলে ফের প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁদের আমন্ত্রণ জানানো হবে। সেদিন মনুর সঙ্গে সাক্ষাৎ হবে মোদীর।












Click it and Unblock the Notifications