Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মনুর পদক জয়ে গীতার অবদান, নামবেন আরও কোন ২ ইভেন্টে?
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে হতাশা সঙ্গী করে চোখের জলে বিদায় নিয়েছিলেন। আজ তিনিই মেটালেন অলিম্পিক্সের আসরে শ্যুটিংয়ে ভারতের এক যুগ ধরে চলা পদকের খরা।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন। রুপো হাতছাড়া হলো অল্পের জন্য। গীতার শিক্ষাকে আত্মস্থ করেই আরও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে চান মনু ভাকের।

প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের শ্যুটিংয়ে পদক জিতে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন মনু। তাঁর সঙ্গে দেখা করেছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। অভিনন্দনের বন্যায় ভাসার মধ্যেই অবশ্য আরও ২টি ইভেন্টের জন্য় মনোনিবেশ করতে হচ্ছে মনুকে।
কালই মনু শ্যুটিং রেঞ্জে যাবেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে অংশ নিতে। তাঁর সঙ্গে থাকবেন সরবজ্যোৎ সিং। আজ বিকেলে যার প্রি ইভেন্ট ট্রেনিং ছিল। কাল বেলা ১২টা ৪৫ মিনিট থেকে চলবে এই ইভেন্টের বাছাই পর্ব। মনুরা ফাইনালে উঠলে পদকের লড়াইয়ে নামবেন মঙ্গলবার বেলা ১টা থেকে।
এরপর ২৫ মিটার পিস্তল ইভেন্টেও অংশ নেবেন মনু ভাকের। যার প্রি ইভেন্ট ট্রেনিং রয়েছে অগাস্টের ১ তারিখ। ২ অগাস্ট প্রেসিসন কোয়ালিফিকেশন। বেলা সাড়ে ১২টা থেকে। এরপর সাড়ে তিনটে থেকে র্যাপিড কোয়ালিফিকেশন। এই ইভেন্টের ফাইনাল ৩ অগাস্ট বেলা ১টা থেকে।
ফলে এখনও দুটি পদক মনু জিততে পারেন, যার মধ্যে একটি মিক্সড টিম ইভেন্টের। মনু এদিন ব্রোঞ্জ জেতার পর জানিয়েছেন তাঁর প্রস্তুতিতে গীতার অবদানের কথা। মনুর কথায়, অনেকবার গীতা পড়েছি। যার ফলে বিশ্বাস করি, কর্মে ফোকাস রাখতে হবে, কর্মফলের কথা না ভেবেই। যার উপর নিয়ন্ত্রণ নেই সেই বিষয়টি ভাগ্যের উপরই ছেড়ে দিতে হয়।












Click it and Unblock the Notifications