Paris Olympics 2024: এগিয়ে থেকেও হার! সোনা জয়ের স্বপ্ন চুরমার, ব্রোঞ্জের দ্বৈরথে লক্ষ্য সেনের সামনে কে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টন সিঙ্গলস ফাইনালে উঠতে পারলেন না লক্ষ্য সেন। সেমিফাইনালে হার দ্বিতীয় বাছাই ভিক্টর আক্সেলসেনের কাছে।
তবে এদিন দুই গেমেই বড় লিড আদায় করে নিয়েছিলেন লক্ষ্য। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে তাঁকে খেলতে হবে মালয়েশিয়ার সপ্তম বাছাই লি জি জিয়ার বিরুদ্ধে।

আক্সেলসেন (Viktor Axelsen) এদিন লক্ষ্যকে (Lakshya Sen) হারিয়ে দিলেন ২২-২০, ২১-১৪ গেমে। ম্যাচ চলল ৫৪ মিনিট। প্রথম গেম ২৯ মিনিটের, দ্বিতীয় গেম ২৪ মিনিটের। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ও রিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীর বিরুদ্ধে লক্ষ্যর লড়াই অবশ্য স্কোরলাইনে প্রতিফলিত হচ্ছে না।
প্রথম সেটে লক্ষ্য ১৫-৯, ১৭-১২, এমনকী ১৮-১৪-তেও এগিয়ে ছিলেন। প্রথমে ৩-১১-তে পিছিয়ে ছিলেন লক্ষ্য। যদিও সেখান থেকে তিনি বিরতিতে এগিয়ে যান ১১-৯-এ। যদিও এরপরই ঘুরে দাঁড়ান আক্সেলসেন। রক্ষণাত্মক কৌশলে তিনি এমনিতেই পারদর্শী, সেই সঙ্গে কোর্টের মাঝামাঝি অবস্থান থেকে একের পর এক স্ম্যাশে লক্ষ্যকে সমস্যায় ফেলে দেন আক্সেলসেন। বাড়াতে থাকেন লিড।
আক্সেলসেনের সঙ্গে পয়েন্টের ব্যবধান যখন মাত্র ১, তখন লক্ষ্য এগিয়ে যান ২০-১৮-তে। কিন্তু তারপরেও লক্ষ্যকে নেটের কাছে আনার পাশাপাশি তাঁর আনফোর্সড এররের সুযোগ নিয়ে প্রথম গেমে এগিয়ে যান আক্সেলসেন। দ্বিতীয় গেমে লক্ষ্য ৭-০-তে এগিয়ে ছিলেন। যদিও দুর্দান্ত রিচ, বিষাক্ত স্ম্যাশে ফের আক্সেলসেনের কামব্যাক।
বিরতিতে লক্ষ্য তবু ১ পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে লক্ষ্য তিন পয়েন্টের বেশি আদায় করতে পারেননি। ভিক্টর আক্সেলসেন দাপুটে জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছে গেলেন। সেখানে তিনি ফের সোনা জয়ের লক্ষ্যেই নামবেন।
এদিন, অপর সেমিফাইনালে তাইল্যান্ডের কুনলাভুত বিদিতসার্ন হারিয়ে দিয়েছেন মালয়েশিয়ার লি জি জিয়াকে। জিয়া ছিলেন সপ্তম বাছাই, বিদিতসার্ন অষ্টম বাছাই। ৫১ মিনিট ধরে চলা দ্বৈরথের ফল ২-০। বিদিতসার্ন ২১-১৪, ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন।












Click it and Unblock the Notifications