Paris Olympics 2024: প্রি কোয়ার্টারে লক্ষ্য বনাম প্রণয়! দ্বৈরথে এগিয়ে কে? শেষ আট থেকে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের সামনে এইচএস প্রণয়। ফলে একজনই যেতে পারবেন শেষ আটে।
লক্ষ্য সেন চলতি অলিম্পিক্সের সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছেন বুধবার। ছিটকে দিয়েছেন তৃতীয় বাছাইকে। এরপর শেষ ষোলোয় জায়গা করে নিলেন প্রণয়। লক্ষ্য-প্রণয় দ্বৈরথ বিকেল ৫টা ৪০ নাগাদ শুরু হবে।

পারস্পরিক দ্বৈরথে লক্ষ্য সেন এগিয়ে রয়েছেন প্রণয়ের চেয়ে। সাতটি দ্বৈরথে চারটিতে জিতেছেন লক্ষ্য, তিনটিতে জয় পেয়েছেন প্রণয়। প্রণয় কে গ্রুপের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিলেন ভিয়েতনামের লে ডাক ফাতের বিরুদ্ধে। প্রথম গেম ১৬-২১-এ হেরে যান প্রণয়। যদিও পরের দুটি গেম জেতেন ২১-১১, ২১-১২-তে। খেলাটি চলে ১ ঘণ্টা ২ মিনিট।
এর আগে, লক্ষ্য সেন গ্রুপ এলের ম্যাচে ৫০ মিনিটের মধ্যেই হারিয়ে দিয়েছিলেন তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টিকে। অলিম্পিক্সে লক্ষ্য খেলছেন অবাছাই হিসেবে। কিন্তু দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি প্রথম গেম ২৮ মিনিটে জেতেন ২১-১৮ ব্যবধানে, পরের গেম ২১-১২-তে জেতেন ২৩ মিনিটের মধ্যেই।
এইচএস প্রণয় ও লক্ষ্য সেনের মধ্যে যিনিই কোয়ার্টার ফাইনালে যাবেন সেখানে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ পঞ্চম বাছাই কোডাই নারাওকা বা দ্বাদশ বাছাই চৌ তিয়েন চেন। সেই বাধা টপকে সেমিফাইনালে গেলে ভারতীয় শাটলারের সম্ভাব্য প্রতিপক্ষ টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর আক্সেলসেন, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লোহ কিয়ান ইউ বা চিনের ষষ্ঠ বাছাই লি শি ফেং।
প্রণয় ও লক্ষ্য যেমন পুরুষদের সিঙ্গলসের শেষ ষোলোয় পৌঁছলেন, তেমনই মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছেন পিভি সিন্ধু। সিন্ধু এবার অলিম্পিক্সে তৃতীয় পদকের লক্ষ্যে এগিয়ে চলেছেন। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।












Click it and Unblock the Notifications