Paris Olympics 2024: লক্ষ্য সেন জায়ান্ট কিলার! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে অলিম্পিক্স ব্যাডমিন্টনের শেষ চারে
Paris Olympics 2024: লক্ষ্য সেনই বাঁচিয়ে রাখলেন ব্যাডমিন্টনে ভারতের পদকের আশা। আজ কোয়ার্টার ফাইনালে প্রথম গেম হারার পরই দুরন্ত কামব্যাক।
চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন ছিলেন দ্বাদশ বাছাই। আজ তাঁকে তিন গেমের লড়াইয়ে পরাস্ত করে প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।

পদক নিশ্চিত করা থেকে আর মাত্র একটি জয় দূরে লক্ষ্য। অবাছাই লক্ষ্য গ্রুপ পর্বে প্রথম জয় পেয়েছিলেন কেভিন করডনের বিরুদ্ধে। তবে তিনি চোটের কারণে সরে যেতেই লক্ষ্যর পয়েন্ট কাটা গিয়েছিল। কঠিন হয়ে গিয়েছিল পথ। যদিও এরপর জুলিয়েন কারাগজি ও জনাথন ক্রিস্টির মতো শাটলারদের তিনি উড়িয়ে দেন।
এইচএস প্রণয়কে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য। এই সব জয়ই তিনি ছিনিয়ে নিয়েছিলেন দুই গেমের লড়াইয়ে। চলতি অলিম্পিক্সে আজই প্রথম কোন গেম হারলেন চেনের কাছে। সেই গেমটি চলে ২৭ মিনিট, লক্ষ্য ১৯-২১-এ হেরে যান।
দ্বিতীয় গেমটি ২৭ মিনিটের মধ্যেই লক্ষ্য জিতে নেন ২১-১৫ ব্যবধানে। এরপর তৃতীয় গেমে জয় আসে ২১-১২ ব্যবধানে। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলা দ্বৈরথ লক্ষ্য ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন। চলতি অলিম্পিক্সে অন্যতম সেরা দ্বৈরথের সাক্ষী থাকলেন দর্শকরা।
প্রথম গেম একটা সময় অবধি ৭-৭ ছিল। এরপর চৌ ব্যবধান বাড়াতে থাকেন লক্ষ্য়র চেয়ে ১০ বছরের চৌ আগ্রাসী রণকৌশলে সমস্যায় ফেলেছিলেন লক্ষ্যকে। কখনও জোরালো স্ম্যাশ মেরে, কখনও নেটের কাছে পৌঁছে। যদিও এরপরই কামব্যাক করেন লক্ষ্য, বাড়ান গতি।
সেই সঙ্গে প্লেসমেন্টে ফোকাস রেখে লক্ষ্য ১৮-১৬-তে এগিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। লক্ষ্য দ্বিতীয় গেমে চাপে ছিলেন। চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান। সেই সময় প্রকাশ পাড়ুকোন ও বিমল কুমার লক্ষ্যকে শান্ত হওয়ার পরামর্শ দেন।
এরপরই তিনি দারুণ ছন্দে খেলে দ্বিতীয় গেমটি জিতে নেন। ক্যামেরার দিকে তাকিয়ে আগ্রাসী মেজাজে বুঝিয়ে দেন তিনি পদকের লক্ষ্যে লড়াইয়ে থাকতেই কোর্টে এসেছেন। এরপর আরও দাপট দেখিয়ে লক্ষ্য পৌঁছে যান শেষ চারে।
কমনওয়েলথ গেমসের সোনাজয়ী তথা প্রাক্তন অল ইংল্যান্ড ফাইনালিস্ট লক্ষ্য সেনের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর আক্সেলসেন ও সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের মধ্যে দ্বৈরথের বিজয়ী। কাল রাতেই পরিষ্কার হয়ে যাবে লক্ষ্যকে পদক জয়ের পথে শেষ হার্ডলস পার করতে কার মুখোমুখি হতে হবে।












Click it and Unblock the Notifications