Paris Olympics 2024: ব্যাডমিন্টনে দারুণ শুরু লক্ষ্য সেনের, সহজ জয় সাত্ত্বিক-চিরাগ জুটির, টিটিতে জিতলেন হরমিত
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে আশা জাগিয়েই শুরু করলেন ভারতীয় শাটলাররা। লক্ষ্য সেন প্রথম গেম সহজে জেতার পর দ্বিতীয় গেমে পিছিয়ে পড়েও ছিনিয়ে নিলেন দুরন্ত জয়।
পুরুষদের ডাবলসে সহজ জয় দিয়ে অভিযান শুরু করল খেতাব জয়ের অন্যতম দাবিদার সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। টিটিতে জয় পেয়ে রাউন্ড অব ৬৪-এ গেলেন হরমিত দেশাই।

পুরুষদের সিঙ্গলসে গ্রুপ এল-এর ম্যাচে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন গুয়াতেমালার কেভিন কর্ডন। যিনি টোকিও অলিম্পিক্সে সেমিফাইনাল খেলেছিলেন। লক্ষ্য-র এটিই প্রথম অলিম্পিক্স। পদক জয়ের পথে সামলাতে হবে আরও কঠিন চ্যালেঞ্জ।
তবে এদিন লক্ষ্য জয় ছিনিয়ে নিলেন দুরন্ত কামব্যাক করে। না, কোনও গেম খোয়াতে হয়নি। খেলার ফল ২১-৮, ২২-১০। অলিম্পিক্স অভিষেকে দারুণ ছন্দেই দেখা গেল লক্ষ্যকে। জয় ছিনিয়ে নিলেন ৪২ মিনিটে। এর আগে, ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কর্ডনকে হারান লক্ষ্য। ফলে পারস্পরিক দ্বৈরথের ফলে উন্নতি ঘটিয়ে ২-০ করলেন ভারতের শাটলার।
প্রথম গেমে শুরু থেকেই দাপট দেখান লক্ষ্য। একটা সময় ৯-১ ব্যবধানে এগিয়ে যান। লক্ষ্য়র স্ম্যাশে অসহায় দেখিয়েছে কর্ডনকে। প্রথম গেম হারার পর দ্বিতীয় গেমে ভালো লড়াই চালান কর্ডন। ১৪-৮ ব্যবধানে এগিয়ে যান। এরপর ২০-১৬ করে গেম পয়েন্ট নিশ্চিতের কাছেও পৌঁছে গিয়েছিলেন।
যদিও এরপরই কর্ডনের গেম পয়েন্ট বাঁচানোর পাশাপাশি দাপট দেখিয়ে টানা ৬ পয়েন্ট করায়ত্ত করে জয় নিশ্চিত করে ফেলেন। গ্রুপ পর্বে এরপর জনাথন ক্রিস্টি ও জুলিয়েন কারাগজির চ্যালেঞ্জ সামলাতে হবে লক্ষ্যকে। তিন সেটের লড়াইয়ে আজ ক্রিস্টি হারিয়েছেন কারাগজিকে।
এবারের অলিম্পিক্সে সোনা জেতার দাবিদার মনে করা হচ্ছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটিকে। আজ ডাবলসের গ্রুপ সি-র ম্যাচে সাত্ত্বিক ও চিরাগ হারিয়ে দিলেন ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবারকে। ৪৬ মিনিটের দ্বৈরথের ফল ২১-১৭, ২১-১৪।
টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের প্রিলিমিনারি রাউন্ডে আজ খেলতে নেমেছিলেন হরমিত দেশাই। তিনি পৌঁছলেন রাউন্ড অব ৬৪-এ। জর্ডনের জাইদ ইয়ামান আবোকে তিনি আধ ঘণ্টার মধ্যে পরাস্ত করলেন ৪-০ ব্যবধানে। খেলার ফল ১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫।












Click it and Unblock the Notifications