Paris Olympics 2024: লক্ষ্য সেন ব্যাডমিন্টন সিঙ্গলসের শেষ আটে, সাত্ত্বিক-চিরাগ জুটির পর বিদায় নিলেন প্রণয়
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন লক্ষ্য সেন। এদিন তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এইচএস প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে।
পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। তৃতীয় বাছাই এই ভারতীয় জুটি প্রথম গেম জেতার পরেও হার মানল অবাছাই মালয়েশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

প্রণয়ের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের ফল উন্নত করে ৫-৩ করে ফেললেন লক্ষ্য। তিনি দারুণ ফর্মে রয়েছেন। এদিনের লড়াইয়ে প্রণয়ের ক্ষেত্রে ফিটনেস, কিংবা রিকভারির ক্ষেত্রে লক্ষ্যর চেয়ে পিছিয়ে থাকার আভাস মিলেছে বলে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের।
লক্ষ্য প্রি কোয়ার্টারে আজ প্রথম গেম জিতে নেন ২১-১২ ব্যবধানে, ২১ মিনিট সময় লাগে। দ্বিতীয় গেম জিতলেন ২১-৬-এ, সময় নিলেন ১৮ মিনিট। প্রণয় ছিলেন ত্রয়োদশ বাছাই। কাল সেমিফাইনালে ওঠার লক্ষ্যে লক্ষ্যর সামনে দ্বাদশ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন। যিনি আজ দুই গেমের লড়াইয়ে হারিয়েছেন পঞ্চম বাছাই জাপানের নারাওকা কোডাইকে।
লক্ষ্য গ্রুপ এল-এর ম্যাচে গুয়াতেমালার কেভিড কর্ডনকে হারিয়েছিলেন ২১-৮, ২২-২০-তে। তবে কর্ডন পরে সরে দাঁড়ানোয় এই ম্যাচে জয়ের পয়েন্ট কাটা যায় লক্ষ্যর। কঠিন গ্রুপ থেকে তিনি রাউন্ড অব ১৬-তে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ও ছিল।
যদিও বেলজিয়ামের জুলিয়েন কারাগজিকে ২১-১৯ ও ২১-১৪-তে হারানোর পর লক্ষ্যর কাছে হার মানেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি। ক্রিস্টিকে হারানো এবারের অলিম্পিক্সের বড় অঘটন। এই ম্যাচে লক্ষ্য জয় পান ২১-১৮, ২১-১২ গেমে। তারপর এদিন প্রণয়ের বিরুদ্ধে জয়।
যদিও লক্ষ্য বনাম প্রণয় ম্যাচ শুরুর ঠিক আগেই এবারের অলিম্পিক্স থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তৃতীয় বাছাই সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির। তাঁদের প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইক। এই ম্যাচটি চলে ১ ঘণ্টা ৪ মিনিট ধরে।
প্রথম গেম ১৭ মিনিটের মধ্যেই ২১-১৩ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিকরা। কিন্তু দ্বিতীয় গেমে মালয়েশীয় জুটি জয় ছিনিয়ে নেয় ২১-১৪ ব্যবধানে। তৃতীয় গেমেও লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছিল। যদিও কিছু ভুলের খেসারৎ দিতে হয় ভারতীয় জুটিতে। ২৪ মিনিটের মধ্যে তৃতীয় গেম চিয়া-সোহ জুটি জিতে নেয় ২১-১৬ ব্যবধানে। একটা সময় ১৬-১৬ অবস্থা ছিল তৃতীয় গেমে। কিন্তু মালয়েশিয়ার শাটলাররা এরপর সাত্ত্বিকদের কোনও সুযোগই দেননি।












Click it and Unblock the Notifications