Paris Olympics 2024: মনু-সরবজ্যোৎ ব্রোঞ্জের লড়াইয়ে, তিরন্দাজিতে নজরে অঙ্কিতা, মঙ্গলে ভারতের কোন কোন ইভেন্ট?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মঙ্গলবার ভারতের ঝুলিতে আসতে পারে আরেকটি ব্রোঞ্জ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে।
এই পদক জিতলে তা হবে পিস্তল ইভেন্টে তথা এবারের অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক। এ ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা। অবশ্যই নজর থাকবে সিঁথির মেয়ে অঙ্কিতা ভকতের দিকে।

বেলা সাড়ে ১২টা থেকে পুরুষদের ট্র্যাপের বাছাই পর্বের দ্বিতীয় দিনে নামবেন ভারতের শ্যুটার পৃথ্বীরাজ তোন্ডাইমান। মহিলাদের ট্র্যাপ শ্যুটিংয়ের বাছাই পর্বের প্রথম দিনে নামবেন ভারতের আরও দুই শ্যুটার- শ্রেয়সী সিং ও রাজেশ্বরী কুমারী।
বেলা ১টা থেকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে নামবেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। বাছাই পর্বে তৃতীয় স্থান অধিকার করে ভারতের এই জুটি ফাইনালে পৌঁছেছে। ভারতের প্রতিপক্ষ কোরিয়া।
বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে পুরুষদের হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা রয়েছে। নিউজিল্যান্ডকে হারানোর পর আজ আর্জেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হরমনপ্রীত সিংয়ের দল। তিরন্দাজিতে এখনও অবধি হতাশাজনক পারফরম্যান্সই উপহার দিয়েছেন ভারতীয় তিরন্দাজরা।
কাল বিকেল ৫টা ১৪ মিনিটে মহিলাদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে অঙ্কিতা ভকতের প্রতিপক্ষ পোল্যান্ডের উইওলেতা মিসজর। এরপর ৫টা ২৭ মিনিটে ইন্দোনেশিয়ার সিফা নুরাফিফাহ কামালের বিরুদ্ধে নামবেন ভজন কৌর।
বিকেল সাড়ে ৫টা থেকে ইন্দোনেশিয়ার শাটলার জুটির বিরুদ্ধে গ্রুপ সি-র শেষ ম্যাচ রয়েছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির। দুই জুটিই অবশ্য শেষ আট নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ শীর্ষে কারা থাকবেন তা নির্ধারিত হবে কাল। মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ার জুটির বিরুদ্ধে শেষ ম্যাচ অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির। সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ খেলাটি শুরু হতে পারে।
বক্সিংয়ে পুরুষদের ৫১ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে অমিত রিংয়ে নামবেন তৃতীয় বাছাই জাম্বিয়ার প্যাট্রিক চিনইয়েম্বার বিরুদ্ধে। এই বাউট শুরু সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে। মহিলাদের ৫৭ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব ৩২-এ জেসমিনের প্রতিপক্ষ ফিলিপিন্সের নেসথি পেতেসিও, এই দ্বৈরথ রাত ৯টা ২৪ মিনিট থেকে।
রাত ১০টা ৪৬ মিনিটে পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে ধীরজ বোম্মাদেবরার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের অ্যাডাম লি। ভারতীয় সময় রাত ১টা ২২ মিনিটে মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে ভারতের প্রীতির প্রতিপক্ষ কলম্বিয়ার ইয়েনি মার্সেলা আরিয়াস ক্যাস্টানেডা।












Click it and Unblock the Notifications