Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদকের লক্ষ্যে কখন নামবেন মনু? তিরন্দাজি দল-সহ কাদের দিকে রাখবেন নজর?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকে রবিবার প্রথম পদকটি জিততে পারে ভারত। সেটি আসতে পারে শ্যুটিং থেকে। মনু ভাকের নামবেন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে।
পদক জয়ের আশা জিইয়ে রেখেছে মহিলাদের তিরন্দাজি দল। রবিবার কোন কোন ইভেন্টে ভারত কখন নামবে, সেদিকেই নজর রাখা যাক।

১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। মনু ভাকের ফাইনালে উঠেছেন যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থান অধিকার করে।
শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে বেলা পৌনে ১টা থেকে। নজর থাকবে এলাভেনিল ভালারিভান, রমিতা জিন্দলের দিকে। ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের যোগ্যতা অর্জন পর্ব শুরু বেলা ২টো ৪৫ মিনিট থেকে। অংশ নেবেন সন্দীপ সিং, অর্জুন বাবুতা।
মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে পিভি সিন্ধু নামবেন বেলা পৌনে ১টায়, প্রতিপক্ষ মালদ্বীপের ফতিমাথ নাবাহা আবদুল রজ্জাক। পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এইচএস প্রণয়ের ম্যাচ রাত ৮টায়। তিনি নামবেন জার্মানির ফ্যাবিয়ান রোথের বিরুদ্ধে।
বলরাজ পানওয়ারের দিকে নজর থাকবে রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালস রেপেচেজে, যা শুরু বেলা ১টা ৬ মিনিটে। টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অব ৬৪-এ সৃজা আকুলার ম্যাচ রয়েছে বেলা ২টো ১৫ মিনিট থেকে। প্রতিপক্ষ সুইডেনের ক্রিস্টিনা ক্যালবার্গ। মনিকা বাত্রার ম্যাচ রয়েছে বিকেল সাড়ে ৪টে থেকে। প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের আন্না হার্সে।
টিটির পুরুষদের সিঙ্গলসে অচন্ত শরৎ কমলের খেলা রয়েছে বিকেল তিনটে থেকে। হরমিত দেশাইয়ের খেলা রয়েছে রাত সাড়ে ১১টায়। রাউন্ড অব ৬৪-এ তাঁর খেলা ফ্রান্সের ফেলিক্স লেবার্নের বিরুদ্ধে।
সাঁতারে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে শ্রীহরি নটরাজ জলে নামবেন বিকেল ৩টে ১৩ মিনিটে। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটে প্যারিস অলিম্পিক্সে ভারতের সর্বকনিষ্ঠ ধিনিধি দেসিংঘুর ইভেন্ট বিকেল সাড়ে তিনটে থেকে।
বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে রাউন্ড অব ৩২-এ নিখাত জারিন রিংয়ে নামবেন বিকেল ৩টে ৫০ মিনিটে। প্রতিপক্ষ জার্মানির ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজার।
ভারতীয় মহিলা তিরন্দাজি দল কোয়ার্টার ফাইনালে নামবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। এই দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর। ভারত সেমিফাইনালে গেলে তা শুরু হবে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে। ব্রোঞ্জ মেডেল ম্যাচ রাত ৮টা ১৮ মিনিটে। সোনার পদকের ম্যাচ রাত ৮টা ৪১ মিনিটে।












Click it and Unblock the Notifications