Paris Olympics 2024: তিরন্দাজি থেকে টিটি, শ্যুটিং থেকে বক্সিং ও ব্যাডমিন্টন! বুধে ভারতের কখন কোন ইভেন্ট?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের কোনও মেডেল ইভেন্ট নেই বুধবার। যদিও বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে তারকারা নামবেন তাঁদের ইভেন্টে।
পিভি সিন্ধু থেকে দীপিকা কুমারী, মনিকা বাত্রা থেকে সৃজা আকুলা, এইচএস প্রণয়দের খেলা রয়েছে আগামীকাল। একনজরে দেখে নেওয়া যাক, ভারতীয়দের কোন ইভেন্ট কখন রয়েছে।

প্যারিস অলিম্পিক্সে কাল শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস বিভাগের বাছাই পর্বে বেলা ১২টা থেকে নামবেন ঈশ্বরী প্রতাপ সিং তোমর ও স্বপ্নিল কুসালে।
বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ শুরু হবে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের খেলা। পিভি সিন্ধুর মুখোমুখি হবেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। বেলা ১টা ৪০ মিনিট নাগাদ পুরুষদের সিঙ্গলসের গ্রুপ এল-এর দ্বৈরথে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টি।
ইক্যুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ ব্যক্তিগত গ্রাঁ প্রি ডে-২-তে বেলা দেড়টা থেকে অংশ নেবেন কলকাতার বালিগঞ্জের অনুশ আগরওয়ালা।
বেলা দেড়টা থেকে টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সৃজা আকুলা খেলতে নামবেন সিঙ্গাপুরের জেং জিয়ানের বিরুদ্ধে। বিকেল ৩টে ৩৪ মিনিটে বক্সিংয়ে মহিলাদের ৭৫ কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে লাভলিনা বরগোঁহাইয়ের প্রতিপক্ষ নরওয়ের সুন্নিভা হফস্টাড।
মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভজন কৌর। কাল নজরে দীপিকা কুমারী। ১/৩২ এলিমিনেশন রাউন্ডে দীপিকার প্রতিপক্ষ এস্তোনিয়ার রীনা পারনাত। এই দ্বৈরথ শুরু হবে বিকেল ৩টে ৫৬ মিনিট থেকে।
রাত সাড়ে ৮টায় মহিলাদের সিঙ্গলস টিটি-র রাউন্ড অব সিক্সটিনে মনিকা বাত্রার ম্যাচ রয়েছে। রাত ৯টা ১৫ মিনিটে পুরুষ তিরন্দাজির ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তরুণদীপ রাই নামবেন গ্রেট ব্রিটেনের টম হালের চ্যালেঞ্জ সামলাতে। রাত ১১টা পুরুষদের সিঙ্গলসে গ্রুপ কে-র ম্যাচে এইচএস প্রণয়ের প্রতিপক্ষ ভিয়েতনামের ডুক ফাত লি।
রাত ১২টা ৩৪ মিনিটে বক্সিংয়ে পুরুষদের ৭১ কেজি বিভাগে প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে নিশান্ত দেবের প্রতিপক্ষ ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রডরিগেজ টেনোরিও।












Click it and Unblock the Notifications