Paris Olympics 2024: ভারতের লক্ষ্যমাত্রায় বড় ধাক্কা রেকর্ড চতুর্থ স্থান, হাফ ডজন পদক হাতছাড়া
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দশ বা তার বেশি হবে বলে ভাবা হয়েছিল। যদিও সেই লক্ষ্যমাত্রার অনেকটা আগেই থেমে যেতে হলো।
টোকিও অলিম্পিক্সে ভারত জেতে সোনা-সহ মোট ৭ পদক। এবার সোনা আসেনি। পদকের সংখ্যা কমে ৬। কাল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট ভিনেশ ফোগাটকে রুপো দিতে বললে সংখ্যা ৭ ছোঁবে।

কিন্তু দেখা যাচ্ছে, ভারত ৬টি ইভেন্টে চতুর্থ স্থানে থেকেছে। যার অর্থ হলো পদকের কাছে এসেও শেষরক্ষা করা যায়নি। কোনও অলিম্পিক্সের আসরে এতগুলি ইভেন্টে চতুর্থ স্থানে থাকা ভারতের রেকর্ড। হতাশারও। কেন না, মনে হতেই পারে সামান্য ভালো পারফর্ম যদি হতো তাহলেই বাড়তে পারতো পদক।
ভারতের চতুর্থ স্থানে থাকার ধারা এবার শুরু হয়েছিল অর্জুন বাবুটাকে দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে বাবুটা ২০৮.৪ পয়েন্ট নিয়ে শেষ করেন চতুর্থ স্থানে থেকে। আশা জাগিয়েও এই শ্যুটার শেষ শটে ৯.৫ মারায় ছিটকে যান পদকের দৌড় থেকে।
মনু ভাকেরের সামনে ছিল পদকের হ্যাটট্রিকের হাতছানি। কিন্তু মনু অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে। তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা মার্কিন যুক্তরাষ্ট্রের তিরন্দাজদের কাছে ২-৪ ব্যবধানে হেরে চতুর্থ হন।
ভারত চতুর্থ স্থান লাভ করে মিক্সড টিম স্কিটে। মহেশ্বরী চৌহান ও অনন্ত জিৎ সিং নারুকা এই ইভেন্টে নেমেছিলেন। ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে ভারতীয় শ্যুটাররা পরাস্ত হন চিনের কাছে। লক্ষ্য সেন প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথ খেললেন।
জনাথন ক্রিস্টি, এইচএস প্রণয়দের হারিয়ে লক্ষ্য সেমিফাইনালে উঠে হেরে যান পরবর্তীকালে সোনাজয়ী ভিক্টর আক্সেলসেনের কাছে। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে এগিয়ে থেকেও হেরে যান। চতুর্থ হওয়ায় এ ক্ষেত্রেও আসেনি পদক। মীরাবাঈ চানু ভারোত্তোলনে চতুর্থ স্থান পান। ফাইনালে তাঁকে বেশ ম্রিয়মানই দেখিয়েছে।
টোকিও অলিম্পিক্সে ভারত দুটি ক্ষেত্রে চতুর্থ স্থানে শেষ করেছিল। মহিলাদের হকিতে এবং মহিলাদের গল্ফে অদিতি অশোক। এবার সেই সংখ্যা বেড়ে ৬। ভিনেশের বিষয়টি ধরলে ৭। ফলে হেসে-খেলে ভারত পৌঁছে যেতেই পারতো ১২-১৩টি পদকে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্নায়ুর চাপ ধরে রাখা ভারতীয় ক্রীড়াবিদদের প্রতিবন্ধকতা তৈরি করছে। তিরন্দাজিতে যেমন শেষের দিকে ডুবতে হয়েছে, তেমনই লক্ষ্য সেনের হারেও স্পষ্ট জয় ছিনিয়ে নেওয়ার চাপই হিসেব ওলটপালট করে দিয়েছে।












Click it and Unblock the Notifications