Paris Olympics 2024: রীতিকার আশা শেষ, ছয় পদক জিতেই প্যারিস অলিম্পিক্সে থামল ভারত
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সের পদক সংখ্যা ছোঁয়া হলো না ভারতের। প্যারিস অলিম্পিক্সে ৬টি পদকেই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে।
সপ্তম পদকটির আশা জেতার শেষ আশাটুকুও ফুরিয়ে গেল আজ রাতে। মহিলাদের ৭৬ কেজি বিভাগের কুস্তির রিপেচেজ রাউন্ড খেলার দৌড় থেকে রীতিকা হুডা ছিটকে যেতেই।

কোয়ার্টার ফাইনালে রীতিকা হেরে গিয়েছিলেন কিরগিজস্তানের শীর্ষবাছাই আইপেরি মেডেট কিজির কাছে। বাউটের ফল ছিল ১-১। তবে সর্বশেষ পয়েন্টটি যেহেতু কিজি জিতেছিলেন সে কারণে তিনি চলে যান সেমিফাইনালে।
রীতিকার সামনে তারপরেও খোলা ছিল পদক জয়ের সম্ভাবনা। যদি শীর্ষবাছাই কিজি ফাইনালে উঠতে পারতেন তাহলেই রিপেচেজে খেলার সুযোগ কাজে লাগিয়ে ব্রোঞ্জ জয়ের জন্য ঝাঁপাতে পারতেন রীতিকা।
সেমিফাইনালে কিজিকে ৮-৬ ব্যবধানে হারিয়ে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলেক্সিস কেনেডি ব্লেডস। ফলে কিরগিজ কুস্তিগীর ফাইনালে উঠতে না পারায় রীতিকার সামনে রিপেচেজ খেলার রাস্তা বন্ধ হয়ে যায়। কেন না, ফাইনালিস্টরা যাঁদের হারান তাঁদের জন্যই রিপেচেজ খেলার সুযোগ থাকে।
ভারত ২০১২ সালের পর এবার অলিম্পিক্স অভিযান শেষ করল ৬টি পদক জিতে। ২০১২ সালে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ এসেছিল। ২০১৬ সালের অলিম্পিক্স থেকে ভারত জিতেছিল একটি করে রুপো ও ব্রোঞ্জ।
টোকিও অলিম্পিক্সে ভারত মোট সাতটি পদক পায়। তার মধ্যে ছিল একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ। এবারের অলিম্পিক্স থেকে ভারতের ঝুলিতে এলো সবমিলিয়ে ৬টি পদক। যার একটি রুপো ও ৫টি ব্রোঞ্জ।
নীরজ চোপড়া জ্যাভলিনে রুপো জিতেছেন। মনু ভাকের শ্যুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন প্রথম পদক। শেষ পদকটি ভারত পেল কুস্তিতে আমন শেরাওয়াতের মাধ্যমে। মনু ও সরবজ্যোৎ সিং ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে ব্রো়ঞ্জ জেতেন।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে স্বপ্নিল কুসালে জেতেন ব্রোঞ্জ। ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতে। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তিতে ব্রোঞ্জ আমন শেরাওয়াতের। তবে টোকিওর পদক সংখ্যা ছোঁয়ার শেষ সুযোগ একটা থাকছে।
কাল রাত সাড়ে ৯টা নাগাদ কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট জানাবে ভিনেশ ফোগাট রুপো পাওয়ার অধিকারী কিনা। CAS-এর রায় ভিনেশের পক্ষে গেলে ভারতের পদক বেড়ে সাত হবে। এবার অন্তত সাতটি বিভাগে ভারত অল্পের জন্য পদক হাতছাড়া করেছে। ফলে সেই পদকগুলি এলে এবার দুই অঙ্কের পদক সংখ্যায় পৌঁছে যেতে পারতো ভারত। আপাতত পদক তালিকার ৬৯ নম্বরে রয়েছে ভারত।












Click it and Unblock the Notifications