Paris Olympics 2024: অঙ্কিতা-ধীরজের অনবদ্য লক্ষ্যভেদ, স্পেনকে হারিয়ে তিরন্দাজির সেমিফাইনালে ভারত
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের তিরন্দাজিতে ইতিহাস তৈরির সামনে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা। মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে গেল ভারতীয় জুটি। স্পেনকে হারিয়ে।
সেমিফাইনালে দুর্ভাগ্যক্রমে হেরে গেলেও ভারতের সামনে পদক জয়ের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আজ রাতেই খেলতে হবে ব্রোঞ্জ জয়ের ম্যাচ।

আজ প্রি কোয়ার্টারেও দারুণ ছন্দে ছিলেন অঙ্কিতা ও ধীরজ। প্রি কোয়ার্টার ফাইনালে ভারত ৫-১ ফলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে জয় এলো সেই ৫-৩ ব্যবধানে। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে সেটেই জিতেছিল ভারত।
প্রথম সেট ভারজ জেতে ৩৭-৩৬-এ। দ্বিতীয় সেটে দুই দেশেরই স্কোর ছিল ৩৮। তৃতীয় সেটে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৩৮-৩৭ ব্যববধানে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে লড়াই চলল বেশ হাড্ডাহাড্ডি। যদিও শেষ হাসি ভারতই হাসল।
স্পেনের হয়ে নেমেছিলেন এলিয়া ক্যানালেস ও পাবলো আচা গঞ্জালেজ। ভারত প্রথম সেট জেতে ৩৮-৩৭ ব্যবধানে। অঙ্কিতা দু-বারই ৯-এর ঘরে তির পাঠান, কিন্তু ধীরজ দু-বারই পারফেক্ট টেন সুনিশ্চিত করেন। স্পেনের তিরন্দাজরা একবারই ১০-এর ঘরে তির রাখতে পেরেছেন, তিনবার ৯-এর ঘরে।
দ্বিতীয় সেটে ফল ছিল ৩৮-৩৮। ফলে এক পয়েন্ট করে ভারত ও স্পেন। এই সেটে অঙ্কিতা ১০ স্কোর করার পর ধীরজ মারেন ৯-এ। এরপর অঙ্কিতা ৯-এর ঘরে তির পাঠালে ধীরজ ১০ স্কোর করেন। স্পেনের তিরন্দাজরা ৯-এর রাখেন দুইবার, দশেও ২ বার। ফলে এই সেটটি স্পেনের পক্ষে যায় ৩৭-৩৬ ফলে।
নির্ণায়ক চতুর্থ সেট ভারত জেতে ৩৭-৩৬-এ। অঙ্কিতা প্রথমে নয় মারার পর ধীরজ ১০-এ তির রাখেন। বরানগরের সিঁথির মেয়ে অঙ্কিতা এরপর ৮ স্কোর করেন। তার আগে স্পেনের তিরন্দাজরা মারেন যথাক্রমে ৯ ও ৮। অঙ্কিতা তির আটে গিয়ে বেঁধার পর দশের লক্ষ্যভেদ ধীরজের। স্পেনের শেষ দুটি শট ৯ ও ১০-এর। যার ফলে ভারত জয় ছিনিয়ে নেয় ৩৭-৩৬ ব্যবধানে।
সেমিফাইনালে সন্ধ্যা ৭টা ১ মিনিট থেকে ভারতের লড়াই হবে কোরিয়ার বিরুদ্ধে। জিতলে ভারত সোনা জয়ের ম্যাচ খেলবে যা শুরু হবে রাত ৮টা ১৩ মিনিটে। আর সেমিফাইনালে হারলে ভারত ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট থেকে। উল্লেখ্য, আজ অবধি ভারত তিরন্দাজিতে অলিম্পিক্স থেকে কোনও পদক জেতেনি। এবার যদি জেতে তাতে নাম জুড়ে থাকবে বঙ্গতনয়ার।












Click it and Unblock the Notifications