Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স উদ্বোধন আর একটু পরেই, ভারতের কারা যোগ দিচ্ছেন?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রাত ১১টা নাগাদ। পৌনে চার ঘণ্টা ধরে সেই অনুষ্ঠান চলার কথা।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও উন্মাদনায় খামতি নেই। ভারতের সকলে অবশ্য অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না।

ভারতের অ্যাথলিট ও আধিকারিক মিলিয়ে মোট ৭৮ জন উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেড অব নেশনসে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। অস্টারলিৎজ ব্রিজ থেকে শুরু হয়ে তা চলবে আইফেল টাওয়ারের কাছে ট্রকাদেরো অবধি। স্যেন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
ভারত থেকে অংশ নেবেন ১২টি ক্রীড়াক্ষেত্রের ৭৮ জন। কারা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তা চূড়ান্ত করেছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষা ও শেফ দ্য মিশন গগন নারাং। যে ক্রীড়াবিদদের কাল সকালে ইভেন্ট রয়েছে তাঁরা আজ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না।
অনেক ক্রীড়াবিদই তাঁদের ইভেন্টের সময় জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আইওএ। তাঁদের প্রস্তুতিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সে বিষয়গুলিও নিশ্চিত করা হয়েছে।
কাল সকালেই রোয়িংয়ে হিট রয়েছে বলরাজ পানওয়ারের। তিনি আজ উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না। ভারতের পতাকাবাহক পিভি সিন্ধু ও অচন্ত শরৎ কমল। ভারতের অ্যাথলেটিক্স টিমের সদস্যদের পাশাপাশি ভারোত্তোলক ও কুস্তিগীররাও এখনও পৌঁছননি প্যারিসে।
ভারত থেকে এবার মোট ১১২ জন ক্রীড়াবিদ ১৬টি ক্রীড়াক্ষেত্রে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। পাঁচজন রয়েছেন রিজার্ভ প্লেয়ার হিসেবে। যে উল্লেখযোগ্য ক্রীড়াবিদরা আজ প্যারেড অব নেশনসে থাকবেন তাঁরা হলেন:
তিরন্দাজি- দীপিকা কুমারী ও তরুণদীপ রাই। ব্যাডমিন্টন- পিভি সিন্ধু। বক্সিং- লাভলিনা বরগোঁহাই। ইক্য়ুয়েস্ট্রিয়ান- অনুশ আগরওয়ালা। গল্ফ- শুভঙ্কর শর্মা। হকি- কৃষাণ পাঠক, নীলকান্ত শর্মা ও যুগরাজ সিং। জুডো- তুলিকা মান। সেইলিং- বিষ্ণু সর্বানন ও নেত্র কুমানন। শ্যুটিং- অঞ্জুম মৌদগিল, সিফট কৌর সামরা, ঈশ্বরী প্রতাপ সিং তোমর, অনীশ। সাঁতার- শ্রীহরি নটরাজ, ধিনিধি দেসিংঘু। টেবল টেনিস- অচন্ত শরৎ কমল, মনিকা বাত্রা। টেনিস- রোহন বোপান্না, সুমিত নাগাল, শ্রীরাম বালাজি।












Click it and Unblock the Notifications