Paris Olympics 2024: প্যারিসে রেকর্ড পদকের আশা ভারতের, অলিম্পিক্সের আসরে দেশের বিজয়কেতন উড়িয়েছেন কারা?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে যাবে চলতি মাসেই। ২৬ জুলাই থেকে শুরু হয়ে তা চলবে অগাস্টের ১১ তারিখ পর্যন্ত।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত বিভাগে টোকিও অলিম্পিক্সে জেতা সোনা এবারও দখলে রাখতে বদ্ধপরিকর নীরজ চোপড়া। রেকর্ড সংখ্যক শ্যুটারদের উপরও পদকের প্রত্যাশা রয়েছে।

১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন নর্মান প্রিচার্ড। তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। ভারত তখনও স্বাধীন হয়নি। পুরুষদের ২০০ মিটার ও পুরুষদের ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন প্রিচার্ড। হার্ডলসের পদকটিই ছিল অলিম্পিক্সের আসরে ভারতের প্রথম পদক।
১৯২৮ সালে আমস্টারডাম, ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস, ১৯৩৬ সালে বার্লিন, ১৯৪৮ সালে লন্ডন ও ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ভারত পুরুষদের হকিতে সোনা জেতে। দেশ স্বাধীন হওয়ার পর অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম পদকটি জেতেন কেডি যাদব। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ জেতেন।
১৯৫৬ সালে মেলবোর্ন, ১৯৬৪ সালে টোকিও ও ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে ভারতের পুরুষদের হকি দল সোনা জেতে। ভারতের পুরুষ হকি দল ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে জেতে রুপো এবং ১৯৬৮ সালে মেক্সিকো ও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ জিতেছিল।
১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে লিয়েন্ডার পেজ টেনিসে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে মহিলাদের ভারোত্তোলনে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন কর্ণম মালেশ্বরী। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে শ্যুটিংয়ে পুরুষদের ডাবল ট্র্যাপে রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। সেবারই বক্সিংয়ের মিডলওয়েটে বিজেন্দ্র সিং এবং কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে সুশীল কুমার ব্রোঞ্জ জিতেছিলেন।
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে রুপো জেতেন বিজয় কুমার। পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগ কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল।
২০১২ সালের অলিম্পিক্সে ভারতের আর যাঁরা ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা হলেন মেরি কম (বক্সিংয়ের মহিলাদের ফ্লাইওয়েটে), গগন নারাং (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে) ও যোগেশ্বর দত্ত (পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি কুস্তিতে)।
২০১৬ সালের রিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু রুপো জেতেন। মহিলাদের ফ্রিস্টাইল ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন কুস্তিগীর সাক্ষী মালিক
২০২০ সালের টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে সোনা জেতেন নীরজ চোপড়া। মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন সাইখম মীরাবাই চানু। কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন রবি কুমার দাহিয়া।
ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন পিভি সিন্ধু। বক্সিংয়ে মহিলাদের ওয়েল্টারওয়েটে ব্রোঞ্জ লভলিনা বরগোঁহাইয়ের। পুরুষদের হকি দল জেতে ব্রোঞ্জ। কুস্তিতে পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া।












Click it and Unblock the Notifications