Paris Olympics 2024: ভারতের লড়াই কঠিন হল, ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে সামিল মিশরও
২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারজন্য প্রস্তুতিও শুরু হয়েছে। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব সহ এশিয়ার একাধিক দেশই বিড করতে চলেছে। তবে এশিয়ার সঙ্গে লড়াইয়ে নামল আফ্রিকাও। ভারতের লড়াইকে কঠিন করে আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনে উদ্যোগী মিশরও।
আফ্রিকান ন্যাশনাল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান রবিবার জানিয়েছেন, মিশর ২০৩৬ এবং ২০৪০ গ্রীষ্মকালীন অলিম্পিক্স আয়োজনের জন্য বিড করবে। আফ্রিকা মহাদেশে কখনও অলিম্পিক্স গেমস আয়োজিত হয়নি। কায়রো সর্বশেষ ২০০৮ সালের অলিম্পিক্সের জন্য বিড করেও ব্যর্থ হয়েছিল।

আফ্রিকান ন্যাশনাল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান মুস্তাফা বেররাফ প্যারিস অলিম্পিক্সের অনুষ্ঠানের দিন একটি সংবাদিক সম্মেলনে বলেন, আফ্রিকাও অলিম্পিক্স আয়োজন করতে পারে।
বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক বলেছেন যে "আফ্রিকাতে গেমস আয়োজনের সুযোগ আছে। মিশর ২০৩৬ এবং ২০৪০ সালের অলিাম্পিক্সের জন্য বিড করবে।"
২০২৮-র অলিম্পিক হতে চলেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। অন্যদিকে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। তার প্রস্তুতিও চলছে। যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করা যায়, সেক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস।
ভারতে অলিম্পিক্স আয়োজন নিয়ে নীরজ চোপড়া বলেছেন, "ভারতে যদি ২০৩৬ সালে অলিম্পিক আয়োজিত হয়, সেটা দেশের খেলাধুলোর জন্য খুব ভালো হবে। এবারও বহু মানুষ সরাসরি আমাদের খেলা দেখেছেন। তাঁরা তাড়াতাড়ি উঠেছেন এবং দেরি করে ঘুমোতে গেছেন। সেটা করেছেন শুধুমাত্র আমাদের খেলা দেখার জন্য। ভারতের খেলাধুলো যে বদলাচ্ছে, এটা খুবই ইতিবাচক একটা দিক।"
পরের অলিম্পিক পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলসে হবে ২০২৮ সালের অলিম্পিক। ২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই লস অ্যাঞ্জেলসে বসছে পরবর্তী অলিম্পিকের আসর লস অ্যাঞ্জেলসে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বেশ কিছু খেলার অন্তর্ভূক্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ক্রিকেট।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইন্দোনেশিয়া, ভারত, তুরস্কের পাশাপাশি কাতার এবং সৌদি আরব সহ ২০৩৬ সালের অলিম্পিক্সের জন্য বিড করতে আগ্রহী।












Click it and Unblock the Notifications