Paris Olympics 2024: লক্ষ্য সেনের ফোকাসে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সের দশম দিনে ভারতের কোন কোন ইভেন্ট?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের দশম দিনে কাল ভারত পেতে পারে চতুর্থ অলিম্পিক্স পদকটি। যা আসতে পারে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলস থেকে।
ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন। এই প্রতিবেদনে দেখা যাক, কাল ভারতের কোন কোন ইভেন্ট রয়েছে।

ভারত কালকের দিনটা শুরু করবে শ্যুটিং দিয়ে। বেলা সাড়ে ১২টা থেকে স্কিট মিক্সড টিম কোয়ালিফিকেশনে নামবে ভারত। এ ছাড়া পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের ফাইনাল রয়েছে কাল। এই ইভেন্টের বাছাই পর্বে এখনও লড়াই চালাচ্ছেন ভারতের অনীশ ও বিজয়বীর সিধু। চলছে স্টেজ ২।
বেলা দেড়টা থেকে রয়েছে মহিলাদের দলগত টেবল টেনিসের রাউন্ড অব সিক্সটিন দ্বৈরথ। ভারত খেলবে রোমানিয়ার বিরুদ্ধে। বিকেল ৩টে ২৫ মিনিট থেকে রয়েছে মহিলাদের চারশো মিটারের প্রথম রাউন্ড। যাতে ট্র্যাকে নামবেন ভারতের কিরণ পাহাল।
বিকেল পৌনে চারটেয় সেইলিংয়ে মহিলাদের ডিঙির নবম রেসে নামবেন নেত্রা কুমানন, এরপর থাকবে দশম রেস। সন্ধ্যা ৬টায় ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ব্রোঞ্জ জেতার ম্যাচে লক্ষ্য সেনের সামনে লি জি জিয়া।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে পুরুষদের সেইলিংয়ে নবম রেসে নামবেন বিষ্ণু সর্বানন, তারপর থাকবে দশম রেস। রাত ১০টা ৩৪ মিনিটে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে প্রথম রাউন্ডে নামবেন ভারতের অবিনাশ মুকুন্দ সাবলে।












Click it and Unblock the Notifications