Paris Olympics 2024: অলিম্পিক্সের স্বর্ণপদকে কত গ্রাম সোনা থাকে? প্যারিসের ষড়ভুজ মেডেলে থাকছে কোন বিশেষত্ব?
Paris Olympics 2024: প্যারিসে অলিম্পিক্স শুরু হয়ে যাবে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট অবধি। সোনা, রুপো ও ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে ক্রীড়াবিদরা নামবেন ব্যক্তিগত ও দলগত ইভেন্টে।
এবারের প্যারিস অলিম্পিক্সে পদকের সংখ্যা ৫,০৮৪টি। যার প্রতিটিতেই থাকবে আইফেল টাওয়ারের লোহা।

প্যারিস অলিম্পিক্সের পদককে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ। প্যারিস অলিম্পিক্সের পদক তৈরির ভার দেওয়া হয়েছিল গহনা প্রস্তুতকারক সংস্থা এলভিএমএইচের চামেট (Chaumet)-কে। ১৭৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ থেকে এটি এলভিএমএইচের অংশ।
জানা যাচ্ছে, এবারের অলিম্পিক্সের প্রতিটি পদক গোলাকৃতি হবে না। তা হবে ষড়ভুজের। হেক্সাগন মেডেলের বন্দোবস্ত করা হচ্ছে ফ্রান্সের মানচিত্রের সঙ্গে সাযুজ্য রেখেই। ফরাসি ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বড় চমক অবশ্যই পদকে আইফেল টাওয়ারের লোহার ব্যবহার।
অনেকেই জানতে চান, অলিম্পিক্সের সোনার পদক কি পুরোটাই সোনা দিতে তৈরি? উত্তর- না! এটি তৈরি করা হয় রুপো দিয়ে। তাতে সোনা থাকে ৬ গ্রাম। ফলে গোল্ড প্লেটেড সিলভার মেডেলই ক্রীড়াবিদরা পান সোনা জিতলে। তবে রুপো ও ব্রোঞ্জ ব্যবহার করা হয় সংশ্লিষ্ট রুপো ও ব্রোঞ্জের পদকে।
প্যারিস অলিম্পিক্সের পদকগুলির ব্যাস থাকছে ৮৫ মিলিমিটার, পদকগুলি হবে ৯.২ মিলিমিটার পুরু। সোনার পদকের ওজন ৫২৯ গ্রাম। রুপোর পদকের ওজন ৫২৫ গ্রাম। ব্রোঞ্জ পদকের ওজন ৪৫৫ গ্রাম। অলিম্পিক্সের পদকের দুটি মজাদার ইতিহাসও রয়েছে।
পুরো সোনা দিয়ে অলিম্পিক্সের স্বর্ণপদক শেষবার দেওয়া হয়েছিল ১৯১২ সালের স্টকহোম গেমসে। তারপর থেকেই স্বর্ণপদক হচ্ছে গোল্ড প্লেটেড সিলভার মেডেল। ১৮৯৬ সালের অলিম্পিক্সে যাঁরা চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন, তাঁদের সোনার পদক দেওয়া হয়নি। তার কারণ, তখন সোনার দাম রুপোর চেয়ে কম ছিল। তাই রুপোর পদকই পেয়েছিলেন প্রথম স্থানাধিকারীরা।












Click it and Unblock the Notifications