Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের আগে মহানুভব বিসিসিআই, সাড়ে ৮ কোটি টাকা দিল ভারতীয় ক্রীড়াবিদদের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের আগেই প্রশংসনীয় মানসিকতার পরিচয় দিল বিসিসিআই। অ্যাথলিটদের পাশে দাঁড়াল বিপুল অঙ্কের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে।
বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে অলিম্পিক্সে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানানোর সঙ্গেই এই ঘোষণাটি করলেন।

অ্যাথলিট-সহ নানা ক্রীড়াক্ষেত্রের সিংহভাগ ক্রীড়াবিদকেই কেরিয়ার গড়তে হয় আর্থিক প্রতিকূলতা পেরিয়ে। কেন্দ্রীয় সরকার ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা পান। অনেকে রাজ্য সরকারের থেকেও উপকৃত হন। ভালো পারফরম্যান্সের সুবাদে মেলে সরকারি চাকরিও।
কিন্তু ক্রিকেটের মতো ভারতে অন্যান্য ক্রীড়াক্ষেত্রের প্রতি স্পনসরদের আগ্রহ থাকে কম। যদিও কয়েক বছরে পরিস্থিতি কিছুটা বদলেছে। হকি দলকে যেমন স্পনসর করছে ওডিশা সরকার। তেমনই বিভিন্ন কর্পোরেট সংস্থাও এগিয়ে আসছে। যার সুফল মিলছে, আসছে আন্তর্জাতিক স্তরের সাফল্য।
অলিম্পিক্সের আগে বিসিসিআই মহানুভবতার পরিচয় রাখল। ভারতীয় ক্রীড়াবিদদের অলিম্পিক্স অভিযানের জন্য বিসিসিআই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ করল। উল্লেখ্য, রিজার্ভ-সহ ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ অলিম্পিক্সের আসরে নামতে চলেছেন।
I am proud to announce that the @BCCI will be supporting our incredible athletes representing #India at the 2024 Paris Olympics. We are providing INR 8.5 Crores to the IOA for the campaign.
— Jay Shah (@JayShah) July 21, 2024
To our entire contingent, we wish you the very best. Make India proud! Jai Hind! 🇮🇳…
বোর্ড সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, বিসিসিআই আমাদের দেশের অসাধারণ অ্যাথলিটদের পাশে রয়েছে। অলিম্পিক্সের জন্য আইওএ-কে সাড়ে আট কোটি টাকা দিচ্ছে বিসিসিআই। ভারতীয় কনটিনজেন্টের সকলকে শুভেচ্ছা। ভারতকে গর্বিত করুন, জয় হিন্দ।
ভারতের যে ১১৭ জন অলিম্পিক্সে গিয়েছেন তাঁদের মধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ অ্যাথলিট রয়েছেন, যাঁরা অ্যাথলেটিক্সের নানা ইভেন্টে অংশ নেবেন। শ্যুটার আছেন ২১ জন, হকি দলে ১৯ জন। টেবল টেনিসে ৮ ও ব্যাডমিন্টনে সাতজন অলিম্পিক্সে নামবেন।
কুস্তি, তিরন্দাজি ও বক্সিংয়ে রয়েছেন ৬ জন করে। গল্ফে চারজন, টেনিসে তিনজন, সাঁতার ও সেইলিংয়ে দুজন করে এবং ইক্য়ুয়েস্ট্রিয়ান, জুডো ও ভারোত্তোলনে রয়েছেন ১ জন করে।












Click it and Unblock the Notifications