Paris Olympics 2024: অবিনাশ সাবলে পদকের দৌড়ে, ৩ হাজার মিটার স্টিপলচেজ ফাইনালে পৌঁছে গেলেন
Paris Olympics 2024: ভারতের অ্যাথলেটিক্সে পদকের আশা জাগালেন অবিনাশ সাবলে। লক্ষ্য কঠিন, তবে অসম্ভব নয়। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজে।
বুধবার গভীর রাতে (রাত ১টা ১৩ মিনিট) ফাইনালে নজর থাকবে মহারাষ্ট্রের অবিনাশের দিকে। তিনি ভারতীয় সেনাবাহিনীর মহর রেজিমেন্টে নায়েব সুবেদার পদে কর্মরত।

ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্স ফাইনালে উঠলেন সাবলে। রাউন্ড ১ হিট ২-তে সাবলে পঞ্চম স্থান দখল করে ফাইনালে গেলেন। তাঁর সময় ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৩৬ জন স্টিপলচেজার।
অলিম্পিক্সের স্টিপলচেজের রাউন্ড ১ থেকে বেছে নেওয়া হলো ফাইনালিস্টদের। ৩৬ জন অ্যাথলিটকে রাউন্ড ১-এ ভাগ করে নেওয়া হয় হিটের তিনটি ধাপে। হিট ২-তে নেমেছিলেন সাবলে। প্রতিটি হিট থেকে সেরা পাঁচজন করে অ্যাথলিট ফাইনালে গেলেন।
সাবলে এই মুহূর্তে বিশ্বের ১৫ নম্বর স্টিপলচেজার। তাঁর সঙ্গে হিট ২-এ ছিলেন কেনিয়ার বিশ্বের তিন নম্বর আব্রাহাম কিবিওয়াট, যিনি কমনওয়েলথ গেমসের সোনাজয়ী, বিশ্ব চ্যাম্পিনশিপে ব্রোঞ্জ রয়েছে। তিনি এদিন সময় করেন ৮ মিনিট ১২.০২ সেকেন্ড।
এই হিটে সেরা মরক্কোর মহম্মদ টিনডুফ, ব্যক্তিগত সেরা সময় করেন তিনি এদিন (৮ মিনিট ১০.৬২ সেকেন্ড)। ইথিওপিয়ার স্যামুয়েল ফিরেউউ সময় করেন ৮ মিনিট ১১.৬১ সেকেন্ড। জাপানের মিউরা রিউজি ৮ মিনিট ১২.৪১ সেকেন্ড সময় করে চতুর্থ স্থান অধিকার করেন। তাঁর ঠিক পরেই থাকেন সাবলে।
ফিরেউউ ২০২৩ সালে আফ্রিকান গেমস চ্যাম্পিয়ন ও বিশ্বের চার নম্বর। রিউজি বিশ্বের ৯ নম্বর স্টিপলচেজার। ২০২২ কমনওয়েলথ গেমসে সাবলে রুপো জিতে ইতিহাস গড়েছিলেন। গত বছর হাংঝৌ এশিয়ান গেমসে তিনি সোনা জেতেন।
তিনটি হিট মিলিয়ে এদিন সেরা স্কোর টিনডুফেরই। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী তথা বিশ্বচ্যাম্পিয়ন মরক্কোর সৌফিয়ানে এল বাক্কালি সময় করেন ৮ মিনিট ১৭.৯০ সেকেন্ড। বাক্কালি এবার সোনা জিতলে স্টিপলচেজে স্পর্শ করবেন ভলমারি ইসো-হলোর রেকর্ড। তিনি ১৯২৮ সালের পর ১৯৩২ সালের অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন।
এদিকে, সেইলিংয়ে আজই শেষ হয়ে গেল ভারতের অভিযান। পুরুষদের ডিঙিতে বিষ্ণু সর্বানন ও মহিলাদের ডিঙিতে নেত্রা কুমানন অংশ নিয়েছিলেন। দশটি রেসের পর তাঁরা কেউই নিজেদের বিভাগে প্রথম দশে ঠাঁই করতে পারেননি। যার ফলে সেইলিংয়ে তাঁরা পদকের দৌড় থেকে ছিটকে যান। এই প্রতিবেদন লেখা অবধি, পদক তালিকায় ভারতের অবস্থান ৫৯ নম্বরে।












Click it and Unblock the Notifications