Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে বিশেষ খাট! লাফিয়ে-ঝাঁপিয়ে পরীক্ষা করলেন অ্যাথলিটরা, ভিডিও ভাইরাল
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজেও রয়েছে বিশেষ ধরনের খাট। যাকে বলা হচ্ছে, অ্যান্টি-সেক্স বেড। তবে এই ধরনের খাট বা বিছানা গেমস ভিলেজে নতুন নয়।
বছর তিনেক আগেও এই ধরনের বেড নিয়ে শোরগোল পড়েছিল। কিছু অ্যাথলিট আপত্তিও জানিয়েছিলেন, তুলে ধরেন নানা অসুবিধার কথা। যদিও প্যারিসেও সেই বেডেই শুতে হচ্ছে অ্যাথলিটদের।

এই ধরনের খাট তৈরি হয় কার্ডবোর্ড দিয়ে। গেমস ভিলেজে থাকাকালীন কেউ যাতে শারীরিকভাবে মিলিত হতে না পারেন তা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের খাট তৈরি করা হয়। টোকিও অলিম্পিক্সের সময় এই ধরনের খাট নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিলেন অনেক অ্যাথলিট।
এই খাটে শুতে গেলে আরামের সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছিল। ঘুমানোর সময় অসুবিধার কথাও তুলে ধরেছিলেন কিছু অ্যাথলিট। যদিও প্যারিস অলিম্পিক্সের গেমস আয়োজকরা অ্যান্টি সেক্স বেড রাখার পথেই হেঁটেছেন। গুরুত্ব পায়নি অভিযোগ।
তবে গেমস ভিলেজে এবারের এই ধরনের খাট নিয়ে তেমন অভিযোগ আসছে না। বিশেষ করে অনেকে উপভোগও করছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই ভিডিও। অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিল ও এলেন পিরেজ নিজেরাই খাট কতটা শক্ত তা পরীক্ষা করে দেখেছেন।
এই খাটের উপর ভলি প্র্যাকটিস, স্কোয়াট জাম্প, স্টেপ আপসের মতো অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁদের। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, অলিম্পিক ভিলেজে কার্ডবোর্ডের বেড পরীক্ষা করে দেখা হচ্ছে। এই টেনিস তারকারা র্যাকেট দিয়ে জোরে আঘাতও করেছেন খাটের উপর। ঘুমানোর দৃশ্যও পোস্ট করা হয়েছে।
আইরিশ জিমন্যাস্ট রিস ম্যাকক্লেনাঘানও পিছিয়ে নেই। তাঁকেও দেখা গিয়েছে খাটের উপর নানা ধরনের অনুশীলন করতে। পরীক্ষার পর অ্যান্টি-সেক্স বেড সংক্রান্ত ব্যাখ্যায় নিজের আপত্তির কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর সাফ কথা, অ্যান্টি-সেক্স বেড সম্পর্কে নানাবিধ ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে।
এই জিমন্যাস্টের দাবি, আগে তিনি যখন এই ধরনের খাটের পরীক্ষা করেছিলেন তখনও খাটের কোনও সমস্যা হয়নি। হয়তো তখন খুব কঠোরভাবে তিনি পরীক্ষা করেননি। কিন্তু এবার যেভাবে লাফিয়ে-ঝাঁপিয়ে পরীক্ষা করেছেন তাতে এই খাট যথেষ্ট শক্তিশালী বলেই উপলব্ধি আইরিশ অ্যাথলিটের।
অনেকের ধারণা ছিল, কার্ডবোর্ডের তৈরি খাট ভেঙে পড়তে পারে। অ্যাথলিটদের পরীক্ষায় সেই ধারণা দূর হলো। কিন্তু কেউ কেউ এখনও বলছেন, প্রত্যাশিত আরাম মিলছে না এই ধরনের বেডে শুয়ে।












Click it and Unblock the Notifications