Paris Olympics 2024: আইডলকে হারিয়েই প্যারিস অলিম্পিক্সে আমন, পুরুষদের কুস্তিতে ভারতের একমাত্র ভরসা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে রয়েছেন ৬ কুস্তিগীর। যদিও তাঁদের ৫ জনই মহিলা। পুরুষদের কুস্তিতে ভারতের পদকের একমাত্র ভরসা আমন শেরাওয়াত।
এবারই প্রথম অলিম্পিক্সের আসরে হরিয়ানার এই কুস্তিগীর। পূর্বসূরীদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি বেশ আত্মবিশ্বাসীও।

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন। গত বছর আস্তানার এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা। এ ছাডডা ২০২২ ও চলতি বছর গ্রাঁ প্রি-তে তিনি সোনা জিতেছেন। বিশ্ব অনূর্ধ্ব ২৩ কুস্তিতে সোনা ও এশিয়ান অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন।
২০১৪ সালে মাত্র ১০ বছর বয়সে ছত্রশাল স্টেডিয়ামে কুস্তির প্রশিক্ষণ নিতে শুরু করেন আমন। সুশীল কুমারকে দেখেই আকৃষ্ট হয়েছিলেন। এই ছত্রশাল থেকে উঠে আসা সুশীলের সঙ্গে যোগেশ্বর দত্ত, বজরং পুনিয়া, রবি দাহিয়া অলিম্পিক্স থেকে পদক জিতেছেন।
এবার সেই তালিকায় যোগ হতে পারে আমনের নাম। আমন সুশীলের কীর্তি দেখে আকৃষ্ট হয়ে কুস্তিতে এলেও আইডল মানতে শুরু করেন, নিজের স্টাইলের সঙ্গে মিল পান রবি দাহিয়ার, টোকিও অলিম্পিক্সে রবি রুপো জিতেছিলেন। সেই রবিকে হারিয়েই প্যারিসের টিকিট পান আমন।
প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২৩ কুস্তি চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তারপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। আমনের বড় শক্তি হলো গতি। বিশেষজ্ঞদে মতে, আমনের প্রতিপক্ষ সহজ হবে না অলিম্পিক্সে। কিন্তু তিনি নিজের শক্তির উপর আস্থা রেখে দক্ষতা কিছুটা বাড়ালে সেমিফাইনাল বা তারও বেশি এগিয়ে যেতেই পারেন।
রবিকে আইডল মানেন। একই স্টেডিয়ামে, একই হলে, একই কোচের তত্ত্বাবধানে অনুশীলন। আমন এক সাক্ষাৎকারে বলেছেন, রবি দাহিয়াকে টোকিও অলিম্পিক্সে আমার বিভাগেই পদক জিততে দেখে তখন থেকেই বিশ্বাস জন্মেছিল অলিম্পিক্সে আমিও যেতে পারব।
কমনওয়েলথ গেমসে আমন ট্রায়ালে রবির কাছে ০-১০ ব্যবধানে পরাস্ত হন আমন। বারবার ভিডিও দেখে খুঁজে বের করার চেষ্টা করেছেন ব্যর্থতার নেপথ্যের কারণ। তারপর থেকে রবিকে আইডল বা অলিম্পিক্সে পদকজয়ী ভাবা মাথা থেকে দূরে সরিয়ে রাখেন। ভাবেন শুধুই সাধারণ প্রতিপক্ষ।
মানসিকতার এই বদলেই বাজিমাত। রবিকে মাত করে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র আদায়। একটা সময় রবি ৪-২ ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু এরপরই আগ্রাসী রণকৌশলে ১২-৪ লিড নিয়ে নেন আমন। আমন রক্ষণাত্মক কৌশল নেননি। প্রতিপক্ষকে আলাদা সম্ভ্রমও দেখাননি। যার ফলে রবি মরিয়া চেষ্টা করেও আমনকে আর টপকাতে পারেননি।
২০০০ সালে সিডনি অলিম্পিক্সের পর এবারই প্রথম অলিম্পিক্সের আসরে নামবেন ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর। আমন পদকের কথা মাথায় রেখে নিজের উপর চাপ বাড়াতে নারাজ। ছোটখাটো ভুলও সব স্বপ্ন চুরমার করে দিতে পারে। তাই বাড়তি সতর্ক থেকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দ্রোণাচার্য কোচ ললিত কুমারও আশাবাদী, আমনের পদক জয়ের ব্যাপারে।












Click it and Unblock the Notifications