Paris Olympics 2024: অলিম্পিক্স ১ সপ্তাহ দূরে! টোকিওয় ভারতের ৭ পদকের কীর্তি ভাঙবে প্যারিসে? সাতেই সোনা নীরজের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু ২৬ জুলাই। চলবে ১১ অগাস্ট অবধি। ফলে সামার গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আজ থেকে ঠিক ১ সপ্তাহ দূরে।
প্যারিস অলিম্পিক্স শুরুর আগে এই প্রতিবেদনে আমরা ফিরে দেখব ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সে কারা সাতটি পদক জিতেছিলেন। সেই সঙ্গে দেখে নেওয়া যাক, কোন অলিম্পিক্সের আসর থেকে ভারত কটি করে পদক জিতেছিল।

এখনও অবধি অলিম্পিক্সে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে টোকিও অলিম্পিক্সে। করোনার কারণে ২০২০ সালের সংস্করণটি হয়েছিল এক বছর পর, অর্থাৎ ২০২১ সালে। সেবার ভারত জিতেছিল মোট সাতটি পদক। একটি সোনা, দুটো রুপো ও তিনটি ব্রোঞ্জ।
টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম পদকটি এসেছিল ভারোত্তোলনে। ২৪ জুলাই মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন সাইখোম মীরাবাই চানু। ১ অগাস্ট পিভি সিন্ধু মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন, এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক পদক।
অগাস্টের ৪ তারিখ মহিলাদের ওয়েল্টারওয়েটে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় বক্সার লাভলিনা বরগোঁহাই। ৫ অগাস্ট পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তিতে রবি কুমার দাহিয়া জেতেন রুপো।
৭ অগাস্ট দিনটি অলিম্পিক্সের ইতিহাসে ভারতের ক্ষেত্রে স্মরণীয়। এদিনই জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। যা অ্যাথলেটিক্সের ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ভারতের অলিম্পিক্সের আসর থেকে জেতা প্রথম সোনা। সেদিনই আবার পুরুষদের ফ্রিস্টাইলে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বজরং পুনিয়া।
ভারত ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে জিতেছিল ২টি পদক। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮ সালের অলিম্পিক্স থেকে একটি করে পদক এসেছিল ভারতে। ১৯৫২ সালে ভারত দুটি পদক জেতে। ১৯৫৬, ১৯৬০, ১৯৬৪, ১০৬৮, ১৯৭২ সালে একটি করে সোনা জেতে ভারত।
১৯৭৬ সালের অলিম্পিক্সে ভারত ফিরেছিল খালি হাতেই। ১৯৮০ সালে আসে একটি পদক। ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯২ সালে ভারত কোনও পদক জিততে পারেনি। ১৯৯৬, ২০০০ ও ২০০৪ সালে আসে একটি করে পদক। ২০০৮ সালে তিনটি, ২০১২ সালে ৬টি, ২০১৬ সালে ২টি ও ২০২০ সালে ভারতীয় ক্রীড়াবিদরা ৭টি পদক জিতেছিলেন অলিম্পিক্সের আসর থেকে।












Click it and Unblock the Notifications