Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক্সের সূচি প্রকাশিত, ১১ দিনে ৪৮ ইভেন্ট
অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসছে প্যারিসে। আগামী বছর জুলাইয়ের ২৬ তারিখ শুরু হয়ে প্যারিস অলিম্পিক চলবে অগাস্টের ১১ তারিখ অবধি। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের তরফে এবার প্রকাশ করা হলো প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্স ইভেন্টের বিস্তারিত সূচি। ১১ দিনের মধ্যে হবে ৪৮টি ইভেন্ট।

বিশ্ব অ্যাথলেটিক্সের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, পুরুষও মহিলাদের রেস ওয়াক দিয়ে শুরু হবে অলিম্পিকের অ্যাথলেটিক্সের ইভেন্ট। সেটি রাখা হয়েছে অগাস্টের ১ তারিখ। ১১ অগাস্ট অ্যাথলেটিক্সের শেষ ইভেন্ট মহিলাদের ম্যারাথন। স্টেডিয়ামে যে ৪৩টি ইভেন্ট হবে তার সমস্ত ফাইনালগুলি হবে বিকেলের সেশনে। এমন ৯টি সেশন রাখা হয়েছে। রোড ইভেন্ট থাকছে পাঁচটি। সেই রোড ইভেন্টের ফাইনালগুলি চারটি আলাদা দিনে সকালের দিকে হবে বলে জানানো হয়েছে।
২০২৪ সালের অলিম্পিকে থাকছে রিপেচেজ (repechage) ফরম্যাট। নতুন এই ফরম্যাট যুক্ত হচ্ছে পুরুষ ও মহিলাদের ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও হার্ডলস ইভেন্টগুলিতে। প্রথম রাউন্ডের হিটে যে অ্যাথলিটরা যোগ্যতা অর্জন করতে পারবেন না, তাঁরা সেমি ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবেন এই রিপেচেজের মাধ্যমেই। প্যারিস অলিম্পিকেই প্রথমবার থাকছে ৩৫ কিলোমিটারের রেস ওয়াক টিম ইভেন্ট। লিঙ্গ বৈষম্য ঘোচানোর পক্ষে সদর্থক বার্তা দিতে পুরুষদের ৫০ মিটার রেস ওয়াকের পরিবর্তে রাখা হবে মিক্সড-জেন্ডার ইভেন্ট।
প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন প্রক্রিয়ার বিষয়ে গত মাসেই নির্দেশিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। যাঁরা অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বের ইভেন্ট থেকে অংশগ্রহণের ছাড়পত্র পাবেন না, তাঁরাও অলিম্পিকের আসরে যেতে পারবেন বিশ্ব র্যাঙ্কিংয়ের সুবাদে।












Click it and Unblock the Notifications