Paris Olympics 2024: অলিম্পিক্সে জোড়া পদক, এক নজরে দেখে নিন নীরজ চোপড়ার কেরিয়ারের সাফল্যগুলি
টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ইভেন্টে ভারতকে প্রথম সোনা এলে দিয়েছিলেন নীরজ চোপড়া। মিলখা সিং, পিটি উষারা খুব কাছে গেলেও অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগ থেকে ভারতকে পদক এনে দিতে পারেননি। সেই আক্ষেপ তিন বছর আগেই ঘুচিয়েছিলেন নীরজ। প্যারিসে তাঁকে নিয়ে ছিল সোনালি প্রত্যাশা। না, সোনা ধরে রাখতে পারলেন না।
রঙ বদলে পদক হল রুপোর। তবে রেকর্ড বুকে নিজের নাম আরও একবার তুললেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পর পর দুইবার পদক জিতলেন। এটাই কম কিসের। ২৬ বছরের জীবন শুধুই সাফল্য, অলিম্পিক্সের মঞ্চে দ্বিতীয় পদক জয়ের পর এক নজরে ফিরে দেখা যাক নীরজের সাফল্যে ভরা কেরিয়ারের দিকে।

২০১৮ সালেই জাকার্তায় অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসেও সোনা জেতেন নীরজ। তখন থেকেই জ্যাভলিনের দুনিয়ায় খ্যাতি পেতে শুরু করেন। ২০২০ সালের টোকিও অলিম্পিক্স কোভিডের জন্য এক বছর পর ২০২১ সালে হয়। টোকিওতে সোনা জয় তাঁকে রাতারাতি মহাতারকা বানিয়ে দেয়। সচিন-বিরাটের মতোই এদেশের খেলাধুলায় নক্ষত্র হয়ে যান নীরজ।
টোকিও অলিম্পিক্স তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়। তবে সাফল্যের ধারা বজায় রাখেন নীরজ। হরিয়ানার অ্যাথলিটের নামের সঙ্গে জুড়ে যায় সোনার ছেলে তকমা। ২০২৩ সালে এশিয়ান গেমসে সোনা জেতেন।
২০২২ সালে ডায়মন্ড লিগে সোনা জেতেন। এরপর ২০২৩ সালে অধরা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন।
তখন থেকেই প্যারিসে তাঁকে ঘিরে সোনার প্রত্যাশা শুরু হয়। খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েই প্যারিসে এসেছিলেন। কিন্তু প্রতিবেশি দেশের প্রতিপক্ষের কাছে হার মানতে হল। সোনার পদক ধরে রাখতে পারলেন না। তবু রুপো জিতে ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। সেই সঙ্গে একটা বৃত্ত যেন পূরণ হল।
প্যারিসের ফাইনালের সূচনাটা একেবারেই ভালো নীরজের। প্রথম থ্রো ফাউলের জন্য বাতিল হয়ে যায়। দ্বিতীয় থ্রো-য়ে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। ছাপিয়ে যান একদিন আগে করা নিজের কোয়ালিফায়ারের দূরত্বকেও। কিন্ত এরপর বাকি সব থ্রো গুলিই ফাউল করেন নীরজ। সোনাও হাতছাড়া হয়।












Click it and Unblock the Notifications