ভারতীয় প্যারালিম্পিয়ান শুটারকে টোকিও গেমসের দলে অন্তর্ভূক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতীয় প্যারালিম্পিয়ান শুটারকে টোকিও গেমসের দলে অন্তর্ভূক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে জয় হল ভারতীয় প্যারালিম্পিয়ান শুটার নরেশ কুমার যাদবের। টোকিও গেমসে যোগ দিতে চলা ভারতীয় দলে তাঁকে অবিলম্বে অন্তর্ভূক্ত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। ভারতীয় প্যারালিম্পিয়ানের আবেদন মঞ্জুর করে জরুরিকালীন ভিত্তিতে এই মামলার শুনানিতে বসেছিল বিচারপতি এএম খানউলকার, বিআর গাভাই ও কৃষ্ণা মুরারীর বেঞ্চ।

সোমবার শীর্ষ আদালতে হওয়া এ সংক্রান্ত শুনানিতে হাজির ছিল না বিবাদী পক্ষ। দেশের ক্রীড়া মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্যারা-শুটার নরেশ কুমার যাদবের নাম টোকিওগামী দলে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই। মেডেল জয়ের সম্ভাবনা বাড়লে বরং তাতে দেশেরই মঙ্গল বলে আদালতে জানায় কেন্দ্র। এতে তাদের কোনও আপত্তি নেই বলেও আদালতে জানিয়ে দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সবার বক্তব্য শোনার পরেই নরেশ কুমার যাদবের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভারতের প্যারা-শুটারকে অবিলম্বে টোকিওগামী দলের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আগামী ২৪ অগাস্ট থেকে টোকিওয় শুরু হচ্ছে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশ নিতে চলা বিভিন্ন দেশের অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ২ অগাস্টের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জমা দেওয়ার কথা। তার আগেই প্যারা-শুটার নরেশ কূমার যাদবের আবেদনের প্রেক্ষিতে শেষ দিনেই জরুরিকালীন ভিত্তিতে মামলার শুনানি বসায় সুপ্রিম কোর্ট। সবদিক খতিয়ে দেখে তিন বিচারপতির বেঞ্চ নরেশ কুমারের পক্ষেই রায় শুনিয়েছে। একে নৈতিক জয় হিসেবেই দেখছেন দেশের ওই প্যারা-শুটার।

পাঁচ বারের প্যারালিম্পিয়ান তথা অর্জন পুরস্কার জয়ী নরেশ কুমার যাদবের নাম বাদ দিয়েই টোকিও গেমসের জন্য ভারতীয় দলের তালিকা তৈরি করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের প্যারালিম্পিক কমিটির কাছে প্রথমে দরবার করেছিলেন নরেশ। তাতে বরফ গলার কোনও আশা না পেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই প্যারা-শুটার। উচ্চ আদালত এই ইস্যুতে দেশের প্যারালিম্পিক কমিটির কাছে জবাব চায়। কেন্দ্রকেও নোটিশ পাঠায় আদালত। ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তবে হাতে সময় না থাকায় দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছিলেন নরেশ কুমার। তাতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট।
এরপরেই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতের প্যারা-শুটার। হাতে সময় না থাকায় জরুরিকালীনভাবে শুনানি শুরু করার জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন করেন পাঁচ বারের প্যারালিম্পিয়ান। পরিস্থিতির গুরুত্ব বুঝে নরেশ কুমার যাদবের আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ।












Click it and Unblock the Notifications