টোকিও অলিম্পিক থেকে ভারতের বক্সারদের ছিটকে যাওয়া অব্যাহত, সংখ্যা বেড়ে ৩
টোকিও অলিম্পিক থেকে ভারতীয় বক্সাররা বেশ কয়েকটি পদক আনবেন বলেই আশায় ছিল বক্সিং ফেডারেশন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, সাই থেকে শুরু থেকে আপামর ক্রীড়াপ্রেমীরা। কিন্তু একের পর এক বক্সার প্রথম রাউন্ডের বাধাই টপকাতে পারছেন না। একমাত্র দাপট দেখিয়ে পরের রাউন্ডে পৌঁছেছেন কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। অন্যদিকে, আজ অলিম্পিক থেকে ছিটকে যাওয়া পুরুষ বক্সারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।

হিমাচল প্রদেশের আশিস কুমারের কাছে এটিই ছিল প্রথম অলিম্পিক। তিনি নেমেছিলেন ৭৫ কেজি বিভাগে। রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিলেন চিনের তুহোহেতা এরবিকের কাছে হেরে। ২৭ বছরের আশিস বাউট হারলেন ০-৫ ব্যবধানে। নিজের জ্যাবের দারুণ প্রয়োগ ঘটিয়ে ২৭ বছরের আশিসকে প্রথম রাউন্ডেই ব্যাকফুটে পাঠিয়ে দেন চিনের বক্সার তুহোহেতা। ফলে পাঁচ বিচারকই প্রথম রাউন্ডে এগিয়ে রাখেন তাঁকে। দ্বিতীয় রাউন্ডে আশিস আক্রমণের মাত্রা বাড়ালেও তা দারুণভাবে ডজ করতে থাকেন চিনের বক্সার। ফলে দ্বিতীয় রাউন্ডের ফলেও প্রথম রাউন্ডেরই পুনরাবৃত্তি হয়। তুহোহেতার কম্বিনেশন পাঞ্চও আশিসের চেয়ে অনেক ভালো ছিল।
শেষ তিন মিনিট আশিস অল আউটে যান বাধ্য হয়ে। বাঁ চোখের নীচে কিছুটা কাটা অবস্থাতেই আক্রমণের রাস্তায় গিয়ে বিপক্ষকে কিছুটা সমস্যাতেও ফেলেন এবং শেষে পাঁচ বিচারকই এই রাউন্ডে এগিয়ে রাখেন আশিসকে। কিন্তু আগেই কাঙ্ক্ষিত লিড পাওয়া তুহোহেতাই বাউটের বিজয়ী ঘোষিত হন। তুহোহেতার সামনে পরের রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী তথা তৃতীয় বাছাই ব্রাজিলের হার্বার্ট সুসা। ৬৯ কেজি বিভাগে বিকাশ কৃষ্ণন, ৬৩ কেজিতে মণীশ কৌশিকের পর আজ তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকের প্রথম রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ হলেন আশিস।












Click it and Unblock the Notifications