সাগর রানা খুনের মামলায় অলিম্পিক্সে জোড়া সোনাজয়ী কুস্তিগীর সুশীল কুমার গ্রেফতার
জুনিয়র কুস্তিতে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা হত্যা মামলায় পুলিশের জালে দু-বারের অলিম্পিক্সে সোনাজয়ী সুশীল কুমার। দুই সপ্তাহের বেশি গা ঢাকা দিয়ে থাকার পর আজ পাঞ্জাবের জলন্ধরের কাছে পুলিশের জালে ধরা পড়েন তিনি। এই মামলায় অভিযুক্ত অজয় কুমারকেও একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে। দুজনকেই দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। একনজরে চোখ রাখা যাক ঘটনা পরম্পরার দিকে।

মরিয়া দিল্লি পুলিশ
দিল্লির ছত্রসল স্টেডিয়ামে গত ৪ মে জুনিয়র কুস্তিতে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা ও তাঁর দুই বন্ধুর উপর সুশীল ও কয়েকজন কুস্তিগীর চড়াও হন বলে অভিযোগ। ৫ মে সাগরের মৃত্যু হয়। তাঁর দুই বন্ধু ঘটনায় আহত হন। তাঁরা জানিয়েছেন, সুশীল ও তাঁর সহযোগীরা মিলে সাগরকে তাঁর মডেল টাউনের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। এরপর সকলের সামনে অকথ্য ভাষায় অপমান করে সাগরকে প্রচণ্ড মারধর করা হয়। তারপর থেকেই পলাতক ছিলেন সুশীল। দিল্লি পুলিশের তরফে জানানো হয়, সুশীল কোথায় রয়েছেন সে ব্যাপারে সন্ধান দিতে পারলেই মিলবে ১ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। সুশীলের সহযোগী অজয় কুমারের সন্ধান দিলে মিলবে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার।

গ্রেফতারি পরোয়ানা
ঘটনার পর থেকেই সুশীল কুমার গা ঢাকা দেওয়ায় সন্দেহ জোরালো হয়। সাগর রানা ওই ছত্রসল স্টেডিয়ামেই অনুশীলন করতেন। স্টেডিয়াম চত্ত্বরেই তাঁদের উপর সুশীলরা চড়াও হন বলে অভিযোগ। সাগর হত্যা মামলায় সুশীলের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের হয়। দিল্লি পুলিশ সুশীলের বাড়িতে অভিযান চালিয়ে খালি হাতে ফেরে। সুশীলের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়। এরই মধ্যে খবর আসে গ্রেফতারি এড়াতে সুশীল প্রথমে হরিদ্বার ও পরে হৃষীকেশ যান। দিল্লি ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় সুশীলের সন্ধানে তল্লাশি চালাতে থাকে পুলিশ। গত শনিবার রোহিণী আদালত সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। সুশীলের পরিবার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এরপরই সুশীলের গ্রেফতারি ছিল সময়ের অপেক্ষা।

পাঞ্জাবের দিকে
এরই মধ্যে দিল্লি পুলিশের কাছে আসে মীরাট টোল প্লাজার ফুটেজ। যেখানে দেখা যায় একটি গাড়িতে চালকের আসনের পাশেই বসে রয়েছেন সুশীল। দিল্লি পুলিশ পরে আরও নিশ্চিত হয় সুশীল পাঞ্জাবে গিয়ে গা ঢাকা দিয়েছেন। পুলিশের জাল এবার বিস্তৃত হয় পাঞ্জাবে। অভিযুক্ত সঙ্গী-সহ সেখান থেকেই গ্রেফতার হন সুশীল।

ভাবমূর্তিতে ধাক্কা
এবারের টোকিও অলিম্পিক্সেই সবচেয়ে বেশি, আটজন ভারতীয় কু্স্তিগীর অংশ নিচ্ছেন। যদিও করোনা পরিস্থিতিতে তাঁদের শিবির বাতিল করে পরে ইউরোপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া। সুশীলের ঘটনার পর থেকে ছত্রসল স্টেডিয়ামে অনুশীলন করতে চাইছেন না অনেক কুস্তিগীর। সুশীলের ঘটনায় ভারতীয় কুস্তির ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে স্বীকার করে নিয়েছেন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সহ সচিব বিনোদ তোমর। ২০১৮ সালের ডিসেম্বরে সুশীলকে এ গ্রেড কনট্রাক্ট লিস্টে রাখা হয়। ফলে প্রতি বছর তিনি ৩০ লক্ষ টাকা পান। যদিও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে হারার পর থেকে আর কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেননি সুশীল। গ্রেফতারির পর এখন সেই চুক্তি বাতিল করা হয় কিনা সেদিকে তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications