Vinesh Phogat: ভিনেশ ফোগাটের বিরাট সিদ্ধান্ত! মোদীকে চিঠি লিখে ফেরাচ্ছেন খেলরত্ন ও অর্জুন
Vinesh Phogat: ভারতের কুস্তিগীররা এবার চাপ বাড়াচ্ছেন কেন্দ্রীয় সরকারের উপর। অলিম্পিয়ান ভিনেশ ফোগাট এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরতের কথা ঘোষণা করে দিলেন।
ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয়ে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছে মহিলা কুস্তিগীরদের, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে বুঝিয়ে দিয়েছেন ভিনেশ।

ভারতের কুস্তি ফেডারেশন নিয়ে বিতর্ক থামছেই না। ফেডারেশনের নতুন কমিটি নির্বাচনের পরেও। যে সঞ্জয় সিং সভাপতি হয়েছেন তিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে অভিযোগ। ফলে আখেরে ব্রিজেরই অঙ্গুলিহেলনে সব কিছু চলছে বলে অভিযোগ তুলছেন কুস্তিগীররা। ইতিমধ্যেই ফেডারেশনকে নির্বাসনে পাঠিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
যদিও কংগ্রেস-সহ বিরোধীরা পাল্টা দাবি করে বলছে, বিজেপি পরিস্থিতি ধামাচাপা দিয়ে সকলকে বিভ্রান্ত করতে চাইছে। সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হতেই একের পর এক বড় ঘোষণা করছেন প্রথিতযশা কুস্তিগীররা। সাক্ষী মালিক অবসর ঘোষণা করেছেন। বজরং পুনিয়া পদ্মশ্রী রেখে এসেছেন কর্তব্য পথে।
मैं अपना मेजर ध्यानचंद खेल रत्न और अर्जुन अवार्ड वापस कर रही हूँ।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) December 26, 2023
इस हालत में पहुँचाने के लिए ताकतवर का बहुत बहुत धन्यवाद 🙏 pic.twitter.com/KlhJzDPu9D
মোদীকে চিঠি লিখে ভিনেশ জানিয়েছেন, অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়া ক্রীড়াবিদদের মধ্যে সাক্ষী মালিককে কুস্তি ছাড়তে হয়েছে। বজরং পুনিয়াকে পদ্মশ্রী ফেরাতে হয়েছে। কোন পরিস্থিতিতে এমনটা করতে হচ্ছে তা আপনি (প্রধানমন্ত্রী) নিশ্চিতভাবেই অবগত রয়েছেন। আমি আপনার 'ঘর কি বেটি' বাধ্য হয়েই এই চিঠি লিখছি।
ভিনেশের কথায়, ২০১৬ সালের কথা মনে পড়ছে। যখন অলিম্পিকে পদক জিতে সাক্ষী ফিরেছিলেন তাঁকে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল, তখন আমরা সকলেই খুশি হয়েছিলাম। কিন্তু আজ সাক্ষী যে পরিস্থিতিতে কুস্তি ছাড়লেন তখন এই প্রশ্নই জাগছে, মেয়েদের কি শুধুই বিজ্ঞাপনের ছবিতে ব্যবহার করা হবে?
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনের সঙ্গে বাস্তব পরিস্থিতির যে মিল নেই তা জোর দিয়ে উল্লেখ করেছেন ভিনেশ। তিনি লিখেছেন, আমার অলিম্পিক পদক জয়ের স্বপ্ন ফিকে হচ্ছে। তবে আশা করব ভবিষ্যতে মেয়েদের এমন পরিস্থিতিতে পড়তে হবে না। মহিলা কুস্তিগীরদের বিগত কয়েক বছর ধরে যে দুর্বিষহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হচ্ছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ভিনেশ।
ভিনেশ ফোগাট শোষণকর্তা বলে কটাক্ষ করেছেন ব্রিজভূষণকে। প্রধানমন্ত্রীকে ভিনেশ অনুরোধ করেছেন, ৫ মিনিট সময় বের করে ব্রিজের বক্তব্যগুলি শুনতে। তাতেই তিনি অবগত হয়ে যাবেন কীভাবে ফেডারেশনের প্রাক্তন সভাপতি মহিলা কুস্তিগীরদের প্রতি অসম্মানজনক কথা বলেছেন, হুমকি দিয়েছেন। যেভাবে মহিলা কুস্তিগীরদের কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে নানা হেনস্থার মাধ্যমে তা ভয়াবহ বলেও উল্লেখ করেছেন ভিনেশ।












Click it and Unblock the Notifications