টোকিও গেমস ভিলেজে ফের করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত ভলিবল ট্রেনার
টোকিও গেমস ভিলেজে ফের করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত ভলিবল ট্রেনার
টোকিও গেমস ভিলিজে ফের থাবা বসালো করোনা ভাইরাস। অলিম্পিক অংশ নিতে আশা চেক প্রজাতন্ত্রের বিচ ভলিবল দলের এক খেলোয়াড়ের পর এবার ট্রেনারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। গেমস ভিলজ থেকে সরিয়ে তাঁকে অন্যত্র আইসোলেশনে রাখা হয়েছে।

সবমিলিয়ে টোকিও গেমস ভিলেজে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ছয়। সোমবার গেমস ভিলেজে চেক বিচ ভলিবল দলের তরফে এক খেলোয়াড়ের কোভিড ১৯ পজিটিভ হওয়ার খবর জানানো হয়েছিল। অনদ্রেজ পেরুসিচ নামের ওই খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে গেমস ভিলেজ থেকে সরিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছিল। দলের বাকি সদস্যের আরও একবার কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল।
মঙ্গলবার সদস্যদের নতুন করোনা টেস্ট রিপোর্ট হাতে পায় চেকের বিচ ভলিবল দল। জানা যায় যে সিমোন নাওসচ নামে দলের ট্রেনারও কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁকেও গেমস ভিলেজ থেকে সরিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। দুই জনই দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। লক্ষণ মৃদু হওয়ায় আশঙ্কার কোনও কারণ নেই বলে চেকের বিচ ভলিবল দলের তরফে জানানো হয়েছে।
আগামী ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক। তার আগে গেমসের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাথলিট, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক সহ প্রায় ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সাত অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তার মধ্যে পাঁচ জন গেমস ভিলেজ থেকে সংক্রমিত হয়েছেন বলে জানানো হয়েছে।
অলিম্পিকে অংশ নিতে টোকিও পৌঁছনো মেক্সিকো বেসবল দলের দুই খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে টোকিও অলিম্পিকের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা কোনও স্বেচ্ছাসেবক এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে গেমেসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা আরও সাত ঠিকাদারের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications