কমনওয়েলথ গেমসের টিকিট নিশ্চিত করে নিলেন নিখাত-লভলিনা
কমনওয়েলথ গেমসের টিকিট নিশ্চিত করে নিলেন নিখাত-লভলিনা
আসন্ন কমনওয়েলথ গেমসে জায়গা পাকা করে নিলেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লভলিনা বরগোহাঁই। নির্বাচনী ট্রায়ালে দাপুটে জয়ের সঙ্গে শনিবার বার্মিংহামের টিকিট নিশ্চিত করে নিলেন এই দুই ভারতীয়।

হরিয়ানার মীনাক্ষিকে পরাজিত করেন নিখাত জারিন, একই রকম ভাবে রেলওয়ের পূজার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন লভলিনা। এই দুই তারকা বক্সার ছাড়াও আসন্ন কমনওয়েলথ গেমসে জায়গা নিশ্চিতকরে নিয়েছেন নীতু (৪৮ কেজি) এবং জাসমিন (৬০ কেজি)। নীতু পরাজিত করেন ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী মঞ্জু রানীকে। হরিয়ানার এই বক্সারের বছরটি বেশ ভালই যাচ্ছে।
২০২১ যুব এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী জাসমিন ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী পারভিন হুডাকে লাইট মিডলওয়েট ফাইনালে দাঁড়াতেই দেননি। অপর দিকে, কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় তথা বিশ্ব বক্সিং-এর কিংবদন্তি মেরি কম। শুক্রবার দিল্লির ইন্দারা গান্ধী ইন্ডোরর স্টেডিয়ামে ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালের প্রথম রাউন্ডে চোট পান মেরি। অনেকবার চেষ্টা করলেও বাম পায়ের চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।
বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম চলতি প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিয়েছেন। শুক্রবার চোট পেয়েছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগে নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি।
কিন্তু সেখানেই হাঁটুতে চোট পান তিনি। এরপরই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মেরি আবার কোর্টে ফিরেও এসেছিলেন। যদিও এখনও ব্যাথা অনুভব করছেন মেরি কম এবং ওপেনিং রাউন্ডের শেষে রিং ছাড়তে বাধ্য হন তিনি।" ২৮ জুলাই থেকে বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। এই মেগা ইভেন্ট চলবে ৮ অগস্ট পর্যন্ত।












Click it and Unblock the Notifications