জল্পনার অবসান, কোচ হচ্ছেন শাস্ত্রীই, সঙ্গে থাকছেন জাহির এবং দ্রাবিড়
ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন রবি শাস্ত্রীই। মঙ্গলবার রাতে দিল্লিতে ঘোষণা বোর্ড প্রেসিডেন্টের। সঙ্গে বোলিং কোচ হচ্ছেন জাহির খান। বিদেশ সফরে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়
শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচ নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। সঙ্গে নতুন বোলিং কোচ হিসেবে থাকছেন জাহির খান। আর বিদেশ সফরে ব্যাটিং কোচ হিসেবে টিমের সঙ্গে যাবেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটদলের কোচ নির্বাচন নিয়ে মঙ্গলবার সারাদিনই টানাপোড়েন চলে ক্রিকেটমহলে। বিকেলে ছড়িয়ে পড়ে শাস্ত্রীকেই টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হয়েছে। প্রায় সব সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায় শাস্ত্রীর কোচ হওয়ার খবর। ফেসবুক-ট্যুইটারেও বিভিন্ন মন্তব্য আসতে থাকে।

বিসিসিআই সচিব এরমধ্যেই সাংবাদিক বৈঠকে জানান, খবরটি ভুল। রাতে মুম্বই থেকে কলকাতায় ফিরে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি সংবাদ মাধ্যমকে বলেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে বোর্ড প্রেসিডেন্ট সিকে খান্না দিল্লিতে জানান, ২০১৯-এর বিশ্বকাপ দলের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী।
সোমবারই সৌরভ গাঙ্গুলি ইঙ্গিত দিয়েছিলেন কোচ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সিএসি। মঙ্গলবারও তিনি সেই ভাবনায় অনড় ছিলেন। কিন্তু এরই মধ্যে বোর্ড প্রেসিডেন্টের শাস্ত্রীকে কোচ হিসেবে ঘোষণায় কোথাও যেন একটা কিন্তু রয়েই গেল। আদৌ কি সর্বসম্মত হল ভারতীয় ক্রিকেট দলের এই কোচ নির্বাচন।












Click it and Unblock the Notifications