অভিনব বিন্দ্রার পর কুস্তিগীরদের পাশে নীরজ চোপড়া ও কপিল দেব, ন্যায়বিচারের পক্ষে সওয়াল
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হেনস্থা ও নির্যাতনে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করছে না। সে কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দেশকে আন্তর্জাতিক মঞ্চে গৌরবান্বিত করা কুস্তিগীররা।
কেন্দ্রীয় সরকার তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না। ভারতের অলিম্পিক সংস্থা তো তিন মাস ধরে তদন্তই সম্পূর্ণ করতে পারেনি। এই আবহে ফের পথে নামতে বাধ্য হয়েছেন কুস্তিগীররা। দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে ধরনা-কর্মসূচি। চলছে কটাক্ষ, প্রতিবন্ধকতা উপেক্ষা করেই।

ন্যায়বিচারের দাবিতে ধরনা চালানোর ফাঁকে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য কুস্তিগীররা রাস্তাতেই অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। যতক্ষণ না অবধি পুলিশ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি থেকে পিছু না হঠার বার্তা দিয়েছেন কুস্তিগীররা। ধরনামঞ্চে গিয়ে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছে রাজনৈতিক দলগুলিও।
As athletes, we train hard every day to represent our country on the international stage. It is deeply concerning to see our athletes finding it necessary to protest on the streets regarding the allegations of harassment in the Indian wrestling administration. My heart goes out…
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) April 26, 2023
প্রতিবাদী কুস্তিগীররা এই লড়াইয়ে তাঁদের পাশে চেয়েছিলেন দেশের সব ক্রীড়াক্ষেত্রের ক্রীড়াবিদদের। প্রথম প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়ান অভিনব বিন্দ্রা। ২৬ এপ্রিল তিনি টুইটে লেখেন, ক্রীড়াবিদরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন। যাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন তাঁদের প্রতি সহমর্মিতা রয়েছে।

বিন্দ্রার কথায়,যে ধরনের হেনস্থার অভিযোগ তুলে কুস্তিগীরদের পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে তা যথেষ্টই চিন্তা ও উদ্বেগের। বিষয়টি সঠিকভাবে সামলানো হোক। ক্রীড়াবিদদের কথা শুনে নিষ্পত্তি করা হোক নিরপেক্ষভাবে। নির্যাতিতারা যাতে ন্যায়বিচার পান, সকলের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা যায় এ জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানান বিন্দ্রা।
— Neeraj Chopra (@Neeraj_chopra1) April 28, 2023
টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ঐতিহাসিক সোনাজয়ী নীরজ চোপড়া টুইটে লেখেন, ন্যায়বিচারের জন্য অ্যাথলিটদের রাস্তায় দেখে খুব আহত হচ্ছি। এই কুস্তিগীররা দেশের প্রতিনিধিত্ব করেন, আমাদের গৌরবান্বিত করেন। প্রত্যেকে যাতে ন্যায়বিচার পান, সম্মান ও মর্যাদা নিয়ে থাকতে পারেন তা নিশ্চিত করা সকল দেশবাসীর দায়িত্ব।
নীরজের কথায়, যা ঘটছে তা কাম্য নয়। খুবই স্পর্শকাতর একটি বিষয়। নিরপেক্ষ ও স্বচ্ছভাবে বিষয়টি দেখা উচিত। ন্যায়বিচার যাতে মেলে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার পক্ষেও সওয়াল করেন নীরজ। বজরং, ভিনেশের সাংবাদিক বৈঠকের ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে কপিল দেব লিখেছেন, এঁরা কি ন্যায়বিচার পাবেন?

ক্রীড়ামহলের ধারণা, যেভাবে প্রতিবাদী কুস্তিগীরদের পাশে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকা সমর্থনের বার্তা দিচ্ছেন তা চাপ বাড়াবে কেন্দ্রীয় সরকারের উপরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে কুস্তিগীরদের যে হতাশা বাড়ছে, সেই আবহে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে তাকিয়ে সকলেই।












Click it and Unblock the Notifications