Neeraj Chopra: নিরামিষভোজী নীরজের ডায়েট বদল, কেন আমিষ খাবার খেতে শুরু করলেন অলিম্পিকে সোনাজয়ী?
চোটের কারনে দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে ছিলেন নীরজ চোপড়া। কিন্তু ডায়মন্ড লিগে সোনা জিতে ফের খবরের শিরোনামে পানিপথের অ্যাথলিট। অলিম্পিকে সোনাজয়ী নীরজ বর্শা হাতে ফিল্ডে নামলেই নতুন রেকর্ড সৃষ্টি করছেন। সাফল্যের জন্য জরুরি ফিটনেস। কীভাবে নিজেকে ফিট রাখেন নীরজ? কী থাকে তাঁর ডায়েট চার্টে? শুনলে অবাক হবেন আপনিও।
ছোটবেলা থেকেই নিরামিষভোজী নীরজ। কিন্ত সাফল্যের লক্ষ্যে নিজের ডায়েট চার্টে বড়সড় বদল আনেন টোকিও অলিম্পিকের চার বছর আগে। নীরজের নিরামিষ মেনু বদলে যায় আমিষে। ২০১৬ সাল থেকে আমিষ খাওয়া শুরু করেন অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট।

কিন্তু কী কারনে ডায়েটে বড়সড় বদল ঘটালেন নীরজ। ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিং করার সময় নিজের ওজন কমানোর সিদ্ধান্ত নেন নীরজ। ফলে তখন থেকেই তাঁর ডায়েটে আমিষ খাবার যুক্ত হয়। মাছ-মাংস খেতে শুরু করেন পানিপথের অ্যাথলিট।
টোকিও অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিটের সকালের শুরুটা হয় জুস বা ডাবের জল খেয়ে। এরপর ব্রেকফাস্টে ৩ থেকে ৪টি ডিমের সাদা অংশ এবং ২ পিস পাউরুটি খান তিনি। সঙ্গে থাকে ১ প্লেট ডালিয়া এবং ফল। প্রসঙ্গত, ব্রেড অমলেট হল নীরজের পছন্দের ব্রেকফাস্ট।

দিনের যেকোনও সময়েই নীরজ ব্রেড অমলেট খেতে পারেন। শুধু অমলেট খেতেও খুব পছন্দ করেন নীরজ। এছাড়াও, তিনি সেদ্ধ ডিম এবং গ্রিলড চিকেন ব্রেস্টও খান। প্র্যাকটিস বা ট্রেনিংয়ের সময় তিনি তাজা ফলের রস পান করতে পছন্দ করেন।
প্রতিযোগিতার দিনগুলোয় তাঁর ডায়েটে হালকা খাবার থাকে, ম্যাচের দিনগুলিতে ফ্যাট জাতীয় খাবার একেবারেই পছন্দ করেন না নীরজ। স্যালাড এবং ফল বেশি করে থাকে ডায়েটে। এছাড়া চাটনি চুরমা, ফুচকা, ক্ষীর খেতেও পছন্দ করেন। তবে এই খাবারগুলি মূলত মরসুমের শেষ দিকেই খান নীরজ। এই ধরনের খাবার খাওয়ার পর ফিটনেস ট্রেনিং-এও জোর দেন নীরজ। অর্থাৎ যা ক্যালোরি গ্রহণ করলেন, তা ঝরিয়ে ফেলতে বিশ্বাসী তিনি। এটাই তাঁর ফিটনেসের রহস্য।

দোহা ডায়মন্ড লিগে সোনা জিতে মরসুম শুরু করেছিলেন। এরপর চোটের জন্য দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করলেন লসেনে আরও এক ডায়মন্ড লিগেই। শুক্রবার রাতে নীরজের পঞ্চম থ্রো ছিল ৮৭.৬৬ মিটারের। এই থো তাঁকে জয় এনে দিল। ৮৭.০৩ মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তৃতীয় স্থানে শেষ করলেন চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট জাকুব ভ্যাডলেখ। তাঁর সেরা থ্রো ৮৬.১৩ মিটারের। দোহার পরে এটিই ছিল চলতি মরসুমে নীরজের দ্বিতীয় ইভেন্ট।












Click it and Unblock the Notifications