Neeraj Weds Himani: টেনিস খেলোয়াড়ের সঙ্গে গাঁটছড়া নীরজ চোপড়ার, বিয়ের কথা ঘোষণা নেটপাড়ায়
Neeraj Weds Himani: নীরজ চোপড়া ব্যাচেলর তকমা ঘুচিয়ে ফেললেন। যদিও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে অবধি বিয়ের কথা ঘুণাক্ষরে টের পেতে দেননি অলিম্পিক্সের জোড়া পদকজয়ী।
নীরজ চোপড়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হিমানি মোরের সঙ্গে। হিমানি টেনিস প্লেয়ার।

২০২১ সালে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিসে অল্পের জন্য সোনা জেতা সম্ভব হয়নি। তবে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জেরে জ্যাভলিনের প্রতি দেশবাসীকে আরও বেশি আকৃষ্ট করেছেব নীরজ।
প্যারিস অলিম্পিক্সের সময় থেকেই নীরজের সঙ্গে মনু ভাকেরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি। যদিও নীরজ ও মনু একে অপরের অনুরাগী, ভালো বন্ধু। তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নীরজ ও মনুর সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই এবার চমক দিলেন অলিম্পিক্সের জ্যাভলিনের জোড়া পদকজয়ী। আজ রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দিয়ে নিজের জীবনের নয়া ইনিংস শুরুর বার্তা দেন।
নীরজের পোস্টে স্ত্রীর নাম লেখা রয়েছে। কিন্তু হিমানির পর পদবি রাখা হয়নি। নীরজ ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনেন না। সে কারণেই কোনও সংবাদমাধ্যম আগাম জানতে পারেনি নীরজের বিয়ের খবর। যদিও তাঁর স্ত্রী সম্পর্কে তথ্য পেতে বেশি সময় লাগেনি।
হিমানি মোর টেনিস প্লেয়ার। পড়াশোনা করেছেন সাউথইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটিতে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটিতে তিনি পার্ট-টাইম ভলান্টিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ। হিমানি আমহার্স্ট কলেজের মেয়েদের টেনিস টিম দেখভাল করেন। ট্রেনিং, সূচি তৈরি, নিয়োগ ও বাজেট সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি দেখেন। তিনি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে এমএসসি করছেন। হিমানির বাড়ি হরিয়ানার লারসাউলিতে।












Click it and Unblock the Notifications