Neeraj Chopra: নীরজ চোপড়ার চমকপ্রদ পারফরম্যান্স, পৌঁছে গেলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে
Neeraj Chopra: নীরজ চোপড়ার কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব অধরা থেকে গিয়েছিল গত বছর। কিন্তু এবার ফের ইতিহাস গড়ার হাতছানি টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজের সামনে। চমকপ্রদ থ্রো-র মাধ্যমে তিনি পৌঁছে গেলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
আজ বুদাপেস্টের ট্র্যাকে নেমেছিলেন নীরজ। তাঁর প্রথম প্রয়াসেই বর্শা পৌঁছে যায় ৮৮.৭৭ মিটার দূরত্বে। যা চলতি মরশুমে বিশ্বের দ্বিতীয় সেরা থ্রো। যা তাঁকে পৌঁছে দিল প্যারিস অলিম্পিক্সেও।

ফাইনালে ওঠার জন্য মাপকাঠি বা কোয়ালিফিকেশন মার্ক নির্ধারিত ছিল ৮৩ মিটারের। হাঙ্গেরির বুদাপেস্ট ন্যাশনাল অ্যাথলেটিক্স সেন্টারে আজ নীরজ চলতি মরশুমে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিলেন। ভারতের নীল জার্সি পরে বর্শা হাতে এদিন ট্র্যাকে নামেন নীরজ। চলতি মরশুমে সেরা থ্রো-টি রয়েছে টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভাদলেচের (Jakub Vadlejch)। সেই থ্রো ৮৯.৫১ মিটারের।

চলতি মরশুমে সেরা থ্রো-র নিরিখে ভাদলেচের পরেই আপাতত রয়েছেন নীরজ। ওরেগনে গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নীরজ। সেবার রুপো জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স বিশ্ব চ্যাম্পিয়ন হন। এবার নীরজ যদি ফাইনালে সোনা জেতেন তাহলে জ্যাভলিনে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হবেন তিনি।
বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। ২০০৩ সালে প্যারিসে লং জাম্পে তিনি ব্রোঞ্জ জেতেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ পদক জয়ের ১৯ বছরের খরা মেটান, প্রথম ভারতীয় হিসেবে রুপো জিতে। চলতি মরশুমে এখনও কেউ ৯০ মিটারের থ্রো নিশ্চিত করতে পারেননি। নীরজ ফাইনালে তা পারবেন কিনা সেদিকে তাকিয়ে সকলেই।
Showing how it's done ‼️
— World Athletics (@WorldAthletics) August 25, 2023
🇮🇳's @Neeraj_chopra1 launches an absolute missile in the first round of the men's javelin throw.
88.77m and a big Q to the final 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/Zfz2MFU10P
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে পদক জয়ের লড়াইয়ে নামবেন ১২ জন। তাঁদের মধ্যে নীরজ নিজের নাম তুলে ফেললেন। রবিবার ফাইনাল শুরু হবে ভারতীয় সময় রাত পৌনে ১২টায়। ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নের সোনা জয়ের প্রত্যাশায় গোটা দেশ। এদিকে, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য দরকার ছিল ৮৫.৫০ মিটারের থ্রো। এদিনের পারফরম্যান্সে নীরজ নিশ্চিত করলেন প্যারিসের টিকিটও।












Click it and Unblock the Notifications