Neeraj Chopra: মরশুমের সেরা থ্রো, তবু লোজান ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ চোপড়া
Neeraj Chopra: প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। লোজান ডায়মন্ড লিগে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন। তবে ৯০ মিটারের থ্রো-র লক্ষ্যপূরণ হলো না নীরজের।
শেয তথা ষষ্ঠ প্রয়াসের আগে অবধি নীরজ অনেকক্ষণ ছিলেন চারে। পঞ্চম প্রয়াস তাঁকে তুলে নিয়ে আসে তিনে। শেষ প্রয়াসে নীরজের জ্যাভলিন যায় ৮৯.৪৯ মিটার দূরত্বে।

গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স শুরু থেকেই আধিপত্য বজায় রেখে পেলেন শীর্ষস্থান। তাঁর প্রথম থ্রো ছিল ৮৬.৩৬ মিটারের। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ থ্রো ছিল যথাক্রমে ৮৮.৪৯ মিটার, ৮৭.৪০ মিটার ও ৮৬.৫৯ মিটারের। পঞ্চম থ্রো যায় ৮২.২২ মিটার দূরত্বে।
পিটার্সের ষষ্ঠ থ্রো একদিকে যেমন মিট রেকর্ড, তেমনই চলতি মরশুমে তাঁর সেরা থ্রো। পিটার্সের শেষ থ্রো যায় ৯০.৬১ মিটার দূরত্বে। তার আগে অবধি পিটার্সের সেরা থ্রো ছিল ৮৮.৪৯ মিটারের, যা ছিল তাঁর দ্বিতীয় প্রয়াসে। ফলে শেষ থ্রো-ই প্রথম ও দ্বিতীয় স্থানে ফারাক গড়ে দিল।
কেন না, পিটার্স ৯০.৬১ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠানোর পর নীরজের থ্রো যায় ৮৯.৪৯ মিটার, যা চলতি মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স, কেরিয়ারে দ্বিতীয় সেরা থ্রো। প্যারিস অলিম্পিক্সের পারফরম্যান্সকে (৮৯.৪৫ মিটার) পিছনে ফেলে দিলেন নীরজ।
লোজান ডায়মন্ড লিগে নীরজের প্রথম থ্রো ছিল ৮২.১০ মিটারের। এরপর যথাক্রমে ৮৩.২১ মিটার, ৮৩.১৩ মিটার, ৮২.৩৪ মিটার ও ৮৫.৫৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন নীরজ। শেষ থ্রো তাঁর দ্বিতীয় স্থান দখল সুনিশ্চিত করে।
ডায়মন্ড কোয়ালিফিকেশন তালিকায় চারটির মধ্যে তিনটি মিটের শেষে নীরজ রয়েছেন তিনে। তাঁর ও জুলিয়ান ওয়েবারের পয়েন্ট ১৪। ওয়েবার আছেন চারে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পিটার্স। জাকুব ভাদলেখের পয়েন্ট ১৬, তিনি আছেন দুইয়ে।
ওয়েবার এদিন তৃতীয় স্থানে শেষ করলেন। তাঁর সেরা থ্রো ৮৭.০৮ মিটারের, যা তিনি নিশ্চিত করেন দ্বিতীয় প্রয়াসে। ভাদলেখ হতাশ করলেন ভক্তদের। তিনি শেষ করলেন সপ্তম স্থানে থেকে। তাঁর সেরা থ্রো ছিল ৮২.০৩ মিটারের।
নীরজের চোট নিয়ে জল্পনার মধ্যেই কিন্তু তাঁর পারফরম্যান্সে উন্নতির ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। অলিম্পিক্সের ফাইনালে যোগ্যতা অর্জনে তাঁর সেরা থ্রো ছিল ৮৯.৩৪ মিটারের। অলিম্পিক্স ফাইনালে রুপো জেতেন ৮৯.৪৫ মিটার থ্রো-র সৌজন্যে। এবার ডায়মন্ড লিগের আসরে প্রত্যাবর্তনে নিশ্চিত করলেন ৮৯.৪৯ মিটারের থ্রো। যা ডায়মন্ড লিগে তাঁর ঝুলিতে এনে দিল ৭ পয়েন্ট।












Click it and Unblock the Notifications