Neeraj Chopra: নীরজ ফের দৃষ্টান্ত স্থাপন করলেন, জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে ফেরালেন হাঙ্গেরির মহিলার প্রস্তাব
Neeraj Chopra: নীরজ চোপড়া অলিম্পিক্সের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকেও ভারতকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাস গড়েছেন। প্রথম থ্রো ফাউল হয়। দ্বিতীয় থ্রো-তে তিনি জ্যাভলিন পাঠান ৮৮.১৭ মিটার দূরত্বে।
এরপর নীরজকে আর কেউ টেক্কা দিতে পারেননি। ট্র্যাকে সোনা জেতার পর ট্র্যাকের বাইরেও দৃষ্টান্ত স্থাপন করেছেন নীরজ চোপড়া।

ফাইনালে জেতার পর সোনার পদক পরে জাতীয় পতাকা নিয়ে নীরজ চিত্র সাংবাদিকদের আবদার মেটাচ্ছিলেন। তার মধ্যেই পাশে ডেকে নেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। দুজন খুব ভালো বন্ধু। নাদিম রুপো জিতেছেন। ভারত ও পাকিস্তান যেভাবে জ্যাভলিনে বিশ্বের অন্য দেশগুলিকে টেক্কা দিচ্ছে জ্যাভলিনে, তাতে খুশি দুজনেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। যাতে দেখা গিয়েছে নীরজের কাছে অটোগ্রাফ চাইছেন হাঙ্গেরির এক মহিলা। তিনি সপ্রতিভভাবে হিন্দিও বলেন। তিনি নীরজের অটোগ্রাফের জন্য ভারতের জাতীয় পতাকা এগিয়ে দেন। কিন্তু নীরজ সেই অনুরোধ সাদরে প্রত্যাখ্যান করেন।

জাতীয় পতাকা দেখিয়ে নীরজ ওই মহিলাকে বলেন, ওখানে আমি অটোগ্রাফ দিতে পারব না। তবে জাতীয় পতাকায় অটোগ্রাফ না দিলেও ওই মহিলাকে নিরাশ করেননি নীরজ। ওই মহিলার পরনের টি শার্টের ডান হাতায় নীরজ অটোগ্রাফ দেন। নীরজের এই আচরণ মন জিতে নিয়েছে ভক্তদের।
A very sweet Hungarian lady (who spoke excellent Hindi btw) wanted a Neeraj Chopra autograph. Neeraj said sure but then realised she meant on the 🇮🇳 flag. 'Waha nahi sign kar sakta' Neeraj tells her. Eventually he signed her shirt sleeve. She was pretty happy all the same. pic.twitter.com/VhZ34J8qH5
— jonathan selvaraj (@jon_selvaraj) August 28, 2023
একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নীরজ নিজে সেনাবাহিনীতে রয়েছেন। তিনি জানেন ফ্ল্যাগ কোড। যাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, জাতীয় পতাকায় কিছু লেখা বা আঁকা যায় না। তেমন কিছু করা জাতীয় পতাকার অবমাননা। একজন সুপারস্টার, সত্যিকারের অ্যাম্বাসাডর বলেও নীরজের প্রশংসা করেছেন অনেকে। সব ক্রীড়াবিদেরই এমন করা উচিত বলে মন্তব্য করছেন নেটাগরিকরা।
তাঁদের কথায়, নীরজ সত্যিকারের সোনার ছেলে, তা তিনি সোনা জিতুন বা না-ই জিতুন। নীরজের অটোগ্রাফ পেয়ে খুশি হাঙ্গেরির ওই মহিলাও।
(ছবি- সোশ্যাল মিডিয়া/ জনাথন সেলভারাজ টুইটার)












Click it and Unblock the Notifications