National Games 2023: ভারত অলিম্পিক্স আয়োজনে প্রস্তুত, জাতীয় গেমসের উদ্বোধনে দাবি প্রধানমন্ত্রী মোদীর
National Games 2023: ভারত অলিম্পিক্স আয়োজনে প্রস্তুত। বৃহস্পতিবার মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৭তম জাতীয় গেমসের উদ্বোধন করে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অ্যাথলিটরা জাতীয় গেমসের মশাল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপরই আনুষ্ঠানিকভাবে গেমসের সূচনা করেন প্রধানমন্ত্রী।

অ্যাথলিট ও বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারত ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য তৈরি। ওই সময়ের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারত অন্যতম প্রধান শক্তিধর জায়গায় পৌঁছে যাবে। মধ্যবিত্ত নাগরিকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। অলিম্পিক্স আয়োজন সফলভাবে করলে খেলাধুলো থেকে মহাকাশ, সব জায়গাতেই উড়বে জাতীয় পতাকা।
ভারত এমন জায়গায় পৌঁছে যাবে যে মসৃণভাবে অলিম্পিক্স আয়োজন করা অসুবিধা হবে না বলেই দাবি মোদীর। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য দেশের সামগ্রিক সাফল্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। ভারত যে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গিয়েছে তা বিগত ৩০ বছরের খতিয়ানেই স্পষ্ট।
মোদী আরও বলেন, দেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে ক্রীড়াক্ষেত্র অন্যতম গুরুত্বপূর্ণ। দেশে কোনও নেতিবাচক কিছু বা হতাশা থাকলে তা প্রতিফলিত হয় খেলার মাঠে, সামগ্রিক জীবনযাত্রায়। প্রধানমন্ত্রী জানান, ৯ বছর আগের তুলনায় দেশের ক্রীড়া বাজেট ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ক্রীড়া প্রতিভাদের কথা মাথায় রেখে নতুন বাস্তুতন্ত্র গড়ে তোলা হয়েছে।

২০১৪ সালে কেন্দ্রে পালাবদলের পর সরকার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, সঠিক বাছাই প্রক্রিয়া, ক্রীড়াবিদদের জন্য আর্থিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছিল, এই বিষয়টিও ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে দেশের ক্রীড়াবিদরা একের পর এক সাফল্য পাচ্ছেন, বিশ্বের ক্রীড়া মানচিত্রে আরও বেশি উচ্চতায় পৌঁছেছে ভারত। এই আবহে গোয়ায় জাতীয় গেমস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় গেমসের সূচনা হয়েছে গতকাল। চলবে ৯ নভেম্বর অবধি। ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের জাতীয় গেমসে। ২৮টি জায়গায় ৪৩ রকমের খেলাধুলোয় পদক জয়ের লক্ষ্যে নামবেন অ্যাথলিটরা। এই প্রথম গোয়ায় বসল জাতীয় গেমসের আসর। উদ্বোধনী অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকার ক্রীড়াক্ষেত্রে যেসব উন্নয়নের কাজ করেছে, পরিকাঠামোগত উন্নতি ঘটিয়ে ক্রীড়াবিদদের প্রতিভার বিকাশে সহযোগিতা করেছে সেই তথ্যও তুলে ধরা হয়।












Click it and Unblock the Notifications