অলিম্পিক শুরুর মুখে টোকিও গেমস ভিলেজে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
অলিম্পিক শুরুর আগে টোকিওয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল, সবমিলিয়ে সংখ্যাটা কত?
অলিম্পিক শুরুর চার দিন আগেও করোনা সংক্রমণের হারে কোনও কমতি নেই। সোমবার গেমসের সঙ্গে সম্পর্কিত এক ভলিবল খেলোয়াড় সহ মোট চার জনের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। অতিমারীর বাড়তে থাকা প্রভাবে আদৌ অলিম্পিক সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আশঙ্কিত হয়ে রয়েছে জাপান প্রশাসনও।

করোনা ভাইরাসে আক্রান্ত তিন
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টোকিও অলিম্পিকের সঙ্গে যুক্ত আরও তিন ব্যক্তি। যদিও তাঁদের মধ্যে কেউ অ্যাথলিট নন বলে জানানো হয়েছে। গেমস আয়োজনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা, ঠিকাদার এবং এক সাংবাদিকের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফলে তাঁরা কেউই আর গেমসের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না।

আক্রান্ত এক বিচ ভলিবল খেলোয়াড়
টোকিওর অলিম্পিক গেমস ভিলেজে এবার এক বিচ ভলিবল খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। সোমবারই চেক প্রজাতন্ত্রের অনদ্রেজ পেরুসিচের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। রবিবার ওই রিপোর্ট হাতে পায় চেক বিচ ভলিবল দল। কোনও লক্ষণ না থাকায় তাঁকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও প্রত্যেকের আরও একবার করে পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষায় বসে চেক শিবির।

সবমিলিয়ে মোট করোনা আক্রান্ত
সবমিলিয়ে টোকিও অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত মোট ৫৮ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অ্যাথলিটদের সংখ্যা একাধিক। গেমস ভিলিজে এখনও পর্যন্ত চার জন অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। রবিবার টোকিওতে মোট ১০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে গেমসের সঙ্গে সম্পর্কিত কেসের সংখ্যা পাঁচ। রবিবার দুই জন অ্যাথলিট গেমস ভিলেজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টোকিও অলিম্পিক
আগামী ২৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। যদিও দুই দিন আগেই বেশ কিছু ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের আবহে সুষ্ঠুভাবে ইভেন্ট আয়োজনের জন্য টোকিও সহ সংলগ্ন শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কিছুটা হলেও চিন্তিত জাপান প্রশাসন।












Click it and Unblock the Notifications