মীরাবাঈ চানু কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতে আবেগাপ্লুত, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী দিলেন কোন বার্তা?
কমনওয়েলথ গেমসে একের পর এক রেকর্ড গড়ে ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন সাইখোম মীরাবাঈ চানু। কমনওয়েলথ গেমসে ২০১৮ সালে তিনি সোনা জিতেছিলেন ৪৮ কেজি বিভাগে। এবার তিনি সোনার দখল নিলেন ৪৯ কেজি বিভাগে। রুপোজয়ী প্রতিপক্ষের চেয়ে ব্যবধান অনেক। তবে সোনার পদক পেতেই আবেগাপ্লুত হয়ে পড়লেন চানু।
|
সোনার মেয়ের আবেগ
টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন চানু ২০৩ কেজি ভার তুলে। এদিন তিনি ২০১ কেজি তুলেই কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়লেন। আগের রেকর্ড ছিল ১৯৭ কেজির। এরপর সোনার পদক গলায় পড়ে জাতীয় সংগীতে যখন চানু গলা মেলান তখন দেখা যায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় সংগীত যখন হচ্ছিল তখন খুব ইমোশনাল হয়ে পড়ি। সকলেই উচ্চকণ্ঠে গলা মেলাচ্ছিলেন। আমি অভিভূত। টোকিও অলিম্পিকের পর কমনওয়েলথ গেমসেই প্রথম নেমেছি। সেখান থেকে দেশকে সোনা এনে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এদিন প্রথমবার তিনি ৮৮ কেজি ভার তুলতে পেরে যে খুশি সে কথা জানাতে ভোলেননি।

সাফল্যে খুশি
মণিপুরের ইম্ফলের মীরাবাঈ চানু এই নিয়ে তিনবার কমনওয়েলথ গেমসে পদক জিতলেন। আগের দুটি ৪৮ কেজি বিভাগে। ২০১৪ সালে গ্লাসগো গেমসে তিনি যখন নেমেছিলেন তখন চানুর বয়স ছিল ২০। সেবার তিনি রুপো জেতেন। ২০১৭ সালে হন বিশ্বচ্যাম্পিয়ন। ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। টোকিও অলিম্পিকে জেতেন রুপো। তারপর এবারের এই সোনা জয়। চানুর পরবর্তী দুটি টার্গেট অবশ্যই ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করা। ২০১৮ সালে লোয়ার ব্যাক ইনজুরির জন্য দীর্ঘদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে না পারলেও চানু ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ কেজির বেশি ভার তুলেছিলেন। পিঠের চোটের কারণে অংশ নিতে পারেননি এশিয়ান চ্যাম্পিয়নশিপে। এশিয়ান গেমসে অধরা পদক জিততেও মুখিয়ে রয়েছেন মীরাবাঈ চানু।

রেকর্ড গড়ে
চানু এদিন প্রথমে ৮৪ কেজি তোলেন। তারপর স্ন্যাচে ৮৮ কেজি তোলেন যা নতুন গেমস রেকর্ড। কিন্তু এরপর ৯০ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথমে তুলেছিলেন ১০৯ কেজি। এরপর ১১৩ কেজি, সেটিও কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড। শেষ প্রয়াসটি ছিল ১১৫ কেজির, সেটি তুলতে পারেননি। যদিও তাতে তাঁর সোনা জয় আটকায়নি। সবমিলিয়ে ২০১ কেজি ভার তুলেছেন, এটিও কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৭ কেজির। মরিশাসের রইলিয়া রানাইভসোয়া জিতেছেন রুপো, তিনি সবমিলিয়ে ১৭২ কেজি ভার তুলেছেন। সোনাজয়ীর সঙ্গে রুপোজয়ীর তফাত ২৯ কেজির!

অভিনন্দনের বন্যা
মীরাবাঈ চানু এবারের কমনওয়েলথ গেমসে সোনা জয়ের দাবিদার ছিলেন। প্রত্যাশা পূরণ করেছেন সকলের। চানুর সাফল্যে গোটা দেশ যে গর্বিত ও আনন্দিত সে কথা উঠে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর টুইটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ব্যতিক্রমী মীরাবাঈ চানু আবারও দেশকে গর্বিত করলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে যেভাবে তিনি রেকর্ড গড়ে সোনা জিতেছেন তাতে প্রত্যেক ভারতীয় খুশি। চানুর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করে, বিশেষ করে উঠতি অ্যাথলিটদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর চানুকে অভিনন্দন জানিয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং থেকে শুরু করে এমসি মেরি কমও অভিনন্দন বার্তা জানিয়েছেন টুইট করে। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনরাও চানুর সাফল্যে গর্বিত হয়ে টুইট করেছেন।












Click it and Unblock the Notifications