হকি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচে জমজমাট লড়াই, খেলার ফল ও পয়েন্ট তালিকায় অবস্থান জেনে নিন
হকি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচে জমজমাট লড়াই উপভোগ করলেন দর্শকরা। যদিও রৌরকেল্লায় পুল ডি-র এই ম্যাচটি শেষ হলো গোলশূন্যভাবেই। প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছিল। জয়ের ব্যবধান বেশি থাকায় পয়েন্ট তালিকায় ভারতের উপরেই ছিল ইংল্যান্ড। এদিন দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল হতে দেয়নি দুই দেশের জমাট রক্ষণ। ড্রয়ের ফলে ইংল্যান্ড শীর্ষস্থান ধরে রাখল।

ম্যাচে আধিপত্য বজায় রেখেই শুরু করে ভারত। যদিও ইংল্যান্ড লড়াইয়ে ফিরতে বেশি সময় নেয়নি। বেশ কয়কটি পেনাল্টি কর্নার আদায় করেও নেয়। ভারত প্রথম পেনাল্টি কর্নার পায় ১৩ মিনিটে। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত সিং সঠিকভাবে বল ট্র্যাপ করতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারে ইংল্যান্ড দাপট দেখাতে থাকে। ২১ মিনিটের মাথায় ইংল্যান্ড সপ্তম পেনাল্টি কর্নার আদায় করে নেয়। কিন্তু ভারতীয় রক্ষণ প্রশংসনীয় খেলা উপহার দেয়। নীলম জেস অসাধারণ ব্লক করে ইংল্যান্ডের গোলের প্রয়াস রুখে দেন। বিরতির আগে ভারত এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, মনপ্রীত সিং ঝাঁপিয়ে পড়ে গোল করার চেষ্টা করলেও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ইংল্যান্ডের গোলকিপার অলিভিয়ের পেইনও বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন।
বিরতির পর ভারতের ডি বক্সকে চাপে ফেলার চেষ্টা লাগাতার চালিয়ে গিয়েছে ইংল্যান্ড। এরই মধ্যে হার্দিক রাই অনেকটা দৌড়ে গিয়ে গোল করার প্রয়াস চালালেও তা রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক। এরপরও বল জালে পাঠানোর সুযোগ ছিল, কিন্তু আকাশদীপ সিংয়ের শট বাইরে চলে যায়। ৩৯ মিনিটে ইংল্যান্ডের স্যাম ওয়ার্ড ভারতের গোলরক্ষক শ্রীজেশকে একা পেয়েও বল বাইরে মেরে বসেন। তৃতীয় কোয়ার্টারের মনদীপের একটি গোল বাতিল করে দেন রেফারি। চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই ভারত গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলমুখ খোলেনি। ইংল্যান্ডের কয়েকটি আক্রমণও আটকে যায় ভারতের রক্ষণভাগে। এরই মধ্যে হার্দিক চোট পান। খেলার যখন ১৯ সেকেন্ড বাকি তখন ইংল্যান্ড একটি পেনাল্টি কর্নার পায়। কিন্তু নিকোলাস বান্ডুরাক তা থেকে গোল করতে পারেননি।
ম্যাচটি ড্র হয়ে যাওয়ায় ২ ম্যাচের পর ইংল্যান্ড ও ভারতের পয়েন্ট হলো ৪। ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতেছিল ৫ গোলে। ভারত ২ গোলে। এদিন এই পুলের অপর ম্যাচে স্পেন ৫-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলসকে। ওয়েলস ২টি ম্যাচেই পরাস্ত। ১৯ জানুয়ারি ভুবনেশ্বরে ভারত খেলবে ওয়েলসের বিরুদ্ধে। ইংল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে স্পেনের বিরুদ্ধে। স্পেনের গোলপার্থক্য ২, তাদের ঝুলিতে ৩ পয়েন্ট। ভারত শেষ ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে ড্র করলেই তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে কোনওভাবেই স্পেন যেন ইংল্যান্ডকে হারিয়ে না দেয়। স্পেন-ইংল্যান্ড ম্যাচ ড্র হলে এবং ভারতকে ওয়েলস আটকে দিলে পয়েন্ট তালিকায় বর্তমান দলগত অবস্থানে পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications