Indian Grand Prix: বুদ্ধ সার্কিটে গতির লড়াইয়ে তারকার মেলা, ভারত গ্রাঁ প্রি-র প্রথম খেতাব গেল কার দখলে?
Indian Grand Prix: গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে হয়ে গেল জমজমাট গতির লড়াই। ইন্ডিয়ান গ্রাঁ প্রি-র প্রথম সংস্করণ ঘিরে সকলের মধ্যেই আগ্রহ ছিল তুঙ্গে। শেষ অবধি খেতাব জিতে নিলেন মার্কো বেজেচ্চি (Marco Bezzecchi)।
আজকের এই ইভেন্ট দেখতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও হরদীপ সিং পুরী। বিজয়ীর হাতে খেতাব তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুনি ভিআর ৪৬ টিমের হয়ে নেমেছিলেন বেজেচ্চি। টেম্পারামেন্ট ও রাইডিং স্কিলের নিরিখে তিনি টেক্কা দিলেন বাকিদের। তবে চ্যাম্পিয়ন হওয়ার পথে তাঁকে সামলাতে হলো জর্জ মার্টিন ও চ্যাম্পিয়নশিপ লিডার ফ্রান্সেসকো বাগনাইয়ার কড়া চ্যালেঞ্জ। টার্ন ওয়ানের শেষে প্রাইমা প্রামাকের মার্টিন ও বাগনাইয়ের চেয়ে পিছিয়েই ছিলেন বেজেচ্চি।
তৃতীয় স্থান থেকে শীর্ষে উঠে আসতে বেজেচ্চিকে অবশ্য বেশি সময় নিতে হয়নি। বাগনাইয়াকে পিছনে ফেলে প্রথমে উঠে আসেন দুইয়ে, এরপর টার্ন ফোরে মার্টিনের ভুলকে কাজে লাগিয়ে শীর্ষস্থানের দখল নেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। চেকার্ড ফ্ল্যাগ তিনি অতিক্রম করার পর পরবর্তী রাইডার তা পার করেন আট সেকেন্ড পর।
খেতাব জিতে উচ্ছ্বসিত বেজেচ্চি বলেন, এখানকার ট্র্যাকটি আমার পছন্দ হয় যখন প্রথমবার এখানে নামি। শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকায় দিক পরিবর্তনে কোনও অসুবিধা হয়নি। সেক্টর থ্রি তার সবচেয়ে পছন্দ হয়েছে বলে জানান খেতাবজয়ী। মার্টিন দখল করেছেন দ্বিতীয় স্থান। টার্ন ফোর থেকেই সরে যেতে বাধ্য হন বাগনাইয়া।

ইয়ামাহার ফ্যাবিও কুয়ার্তারারো দখল করেছেন তৃতীয় স্থান। চতুর্থ স্থানটি পেয়েছেন কেটিএমের ব্র্যান্ড বাইন্ডার। আটবারের বিশ্বচ্যাম্পিয়ন মার্ক মার্কুয়েজ নবম স্থান পেলেন। তিনি একটা সময় চতুর্থ স্থানে ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ১২ ল্যাপের মোটো ২ রেসের খেতাব জিতেছেন পেদ্রো আকোস্তা। তিনি চ্যাম্পিয়নশিপ লিড পজিশনে রয়েছেন।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন টনি আরবোলিনো। তৃতীয় স্থানে শেষ করেছেন জো রবার্টস। মোটো থ্রি খেতাব জিতেছেন লেপার্ড হন্ডার জেমস মাসিয়া।












Click it and Unblock the Notifications