Manu Bhaker: খেলার জীবন বড় সুন্দর, পড়ুয়াদের পরামর্শ মনু ভাকেরের, নাচলেন 'কালা চশমা' গানে
Manu Bhaker: মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন। দেশে ফেরার পর রোজই তাঁকে যেতে হচ্ছে কোনও না কোনও প্রান্তে। আজ মনুকে সংবর্ধিত করল চেন্নাইয়ের একটি স্কুল।
সেখানেই মনু পড়ুয়াদের খেলাধুলোর প্রতি উৎসাহিত করলেন। মেলে ধরলেন নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা। দিলেন মূল্যবান পরামর্শ।

মনু বলেন, টোকিও অলিম্পিক্সের অভিজ্ঞতার পর আত্মবিশ্বাসী থাকাটা কঠিন ছিল। বিশ্বের দুই নম্বর হিসেবে নেমেও প্রত্যাশিত সাফল্য পাইনি। আমি হেরে গিয়েছি, তারপর জেতার স্বাদ পেয়েছি। এটাই খেলাধুলোর সবচেয়ে সুন্দর বিষয়। একটা প্রতিযোগিতায় হারলেও পরেরটায় জেতা সম্ভব। তবে তা তখনই হবে যখন কঠোর পরিশ্রম করা হবে।
মনুর কথায়, লক্ষ্যে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রম, প্রয়াসের বিকল্প নেই। শুধু লক্ষ্য বড় থাকলেই হবে না, সেখানে পৌঁছতে যা করণীয় তা করতে হবে। লক্ষ্য বড় হলে বড় কিছু অর্জন সম্ভব। ফলে সব সময় বড় লক্ষ্যেরই স্বপ্ন দেখা উচিত। আমি জিতলাম, না হারলাম, তা বড় নয়। সব সময় নিজের সেরাটা দিতে আত্মবিশ্বাসী থাকি।
Manu Bhaker Dancing on "Kala Chasma " 😎 song in a recent School Cultural Programme..
— Randhir Mishra 🇮🇳 (@randhirmishra96) August 20, 2024
The Olympics champion 🏆 #ManuBhaker #Olympics @ManuBhaker01 pic.twitter.com/Spjzp1OWYm
এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে কালা চশমা গানে নাচতেও দেখা গিয়েছে মনুকে। তিনি বলেন, আমাদের অনেক কেরিয়ার অপশন আছে। চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতেই হবে, তেমন নয়। খেলাধুলোর জীবনও খুব সুন্দর। অর্থনৈতিক সাপোর্ট থেকে সব কিছু খেলাধুলোর মাধ্যমেও পাওয়া যায়।
মনু আরও বলেন, বাবা-মার সাপোর্ট ছাড়া কোনও সন্তান বেশি কিছু করতে পারে না। আমার অনুপ্রেরণা মা। তাঁর জন্যই আমি আজ এই জায়গায়। তবে তিনি আমাকে শিখিয়েছেন কারও কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে, কিন্তু কারও মতো হওয়ার দরকার নেই।
অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটার মনু বলেন, আমরা কোথা থেকে এসেছি সেজন্য লজ্জিত হওয়ার দরকার নেই। আমিও প্রথমে ইংরেজি বলতে পারতাম না। কীভাবে সকলের সঙ্গে কথাবার্তা বলতে হয় তা জানা ঠিল না। অনেক কিছুই জানতাম না। তবে নিজেই শিখেছি। শিক্ষক বা অভিভাবকদের কাছ থেকে নতুন কিছু শিখতে হয়। সব সময় কাউকে না কাউকে বলতে হয় শেখানোর জন্য।
কোন ছোট প্রতিবন্ধকতার কাছে হার না মানার বার্তা দিয়ে মনু বলেন, কোনও প্রতিযোগিতায় বা পরীক্ষায় ফল প্রত্যাশিত না হতেই পারে। তবে হাল ছাড়লে হবে না। ফের উঠে দাঁড়ালেই আসবে সাফল্য।












Click it and Unblock the Notifications